শামীম আহমেদ জয়, মতলব উত্তর প্রতিনিধি
প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ রাত ০৬:৫৬:৫৩
মতলব দক্ষিণে ৪ হাজার পিস ইয়াবাসহ দুই নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় অভিযান চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (১৫ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে মতলব দক্ষিণ উপজেলার নারায়ণপুর ইউনিয়নের চাপাতিয়া প্রধানীয়া বাড়িতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ওই এলাকার মৃত এবায়েদউল্লার ছেলে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও ২৪ মামলার পলাতক আসামি সুমন প্রধানের বসতঘরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানে সুমন প্রধানের ঘর তল্লাশি করে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১২ লাখ টাকা।
এ সময় ঘটনাস্থল থেকে সুমন প্রধানের স্ত্রী শাহনাজ আক্তার (৩০) এবং তার বোন মর্জিনা আক্তারকে গ্রেফতার করা হয়। তবে মূল অভিযুক্ত সুমন প্রধান পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
অভিযানটি পরিচালিত হয় সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) জাবীর হুসনাইন সানীবের নির্দেশনায় এবং মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান মানিকের তত্ত্বাবধানে। অভিযানে এসআই সুজিত ও এসআই সাকিবসহ সঙ্গীয় ফোর্স অংশ নেন।
এ ঘটনায় এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
মতলব দক্ষিণ থানার ওসি হাফিজুর রহমান মানিক বলেন, “সুমন প্রধানের ঘরে তল্লাশি চালিয়ে ৪ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে এবং তার স্ত্রী ও বোনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে চাঁদপুর আদালতে প্রেরণ করা হবে। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”