নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫৪:০২
শান্তিপূর্ণ দেশ গড়তে পূর্ণ সমর্থন দেওয়ার প্রতিশ্রুতি জাতিসংঘের
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হওয়ায় বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়ে সমৃদ্ধশালী দেশ গড়তে পূর্ণ সমর্থন এবং সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে জাতিসংঘ।
১৩ ফেব্রুয়ারি শুক্রবার নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত
প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফান
ডুজারিক।
মহাসচিব জানান, সংসদ সদস্য নির্বাচন ও গণভোটের জন্য আমরা
অবশ্যই বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানাই। আমরা শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভবিষ্যত গড়ে
তোলার প্রচেষ্টায় বাংলাদেশকে সমর্থন করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ।
নিয়মিত ব্রিফিংয়ে মহাসচিব আন্তোনিও গুতেরেসকে উদ্ধৃত করে
মুখপাত্র বলেন, গণতন্ত্র ও আইনের শাসন প্রতিষ্ঠা, রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংহতি
জোরদার এবং মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা চায় জাতিসংঘ।
তিনি আরও জানান, জাতিসংঘ মহাসচিব সব সময় রাজনৈতিক অংশীদারদের
জাতীয় সংহতি বজায় রাখার ওপর জোর দেন। গণতান্ত্রিক রীতিনীতি ও আইনের শাসন সমুন্নত রাখা,
মানবাধিকার ও সংখ্যালঘুদের সুরক্ষা নিশ্চিত করা এবং অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার
প্রত্যাশা করেন তিনি।
এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষ্যে বার্তা দিয়েছেন জাতিসংঘ
মহাসচিব। বলেন, ফিলিস্তিন, আফগানিস্তান, ইয়েমেন ও সুদান-সহ বিশ্বের বিভিন্ন দেশে মানুষ
সংঘাত, ক্ষুধা, বাস্তুচ্যুতি ও বৈষম্যের শিকার হচ্ছেন। কঠিন ও বিভক্তির এ সময়ে সবাইকে
রমজানের তাৎপর্য মনে করিয়ে দিয়ে প্রত্যেক মানুষের অধিকার ও মর্যাদা রক্ষার আহ্বান জানান
অ্যান্তোনিও গুতেরেস।