নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৯:৩৮
দিল্লি বিমানবন্দরে দুই উড়োজাহাজের সংঘর্ষ
ভারতের দিল্লি বিমানবন্দরে স্পাইসজেট ও আকাসা এয়ারের দুটি উড়োজাহাজের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার (১৬ এপ্রিল) দুপুর সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। তবে এতে কোনো যাত্রী বা ক্রু সদস্য আহত হননি। খবর এনডিটিভির।
প্রাথমিক তথ্য অনুযায়ী, স্পাইসজেটের একটি উড়োজাহাজ রানওয়ে থেকে গেটের দিকে যাওয়ার সময় থেমে থাকা আকাসা এয়ারের একটি উড়োজাহাজের সঙ্গে ধাক্কা লাগে। এতে স্পাইসজেট উড়োজাহাজের ডান পাশের উইংলেট ক্ষতিগ্রস্ত হয় এবং আকাসা উড়োজাহাজের বাম পাশের হরাইজন্টাল স্ট্যাবিলাইজারে আঘাত লাগে।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য বলছে, লেহ থেকে আসা স্পাইসজেট উড়োজাহাজটি গেটে প্রবেশ করছিল, আর আকাসার উড়োজাহাজটি হায়দরাবাদগামী ফ্লাইটের জন্য পুশব্যাক নিচ্ছিল। এ সময়ই এই সংঘর্ষ ঘটে।
এক বিবৃতিতে আকাসা এয়ার জানায়, তাদের উড়োজাহাজটি থেমে ছিল এবং অন্য একটি উড়োজাহাজ এসে এতে আঘাত করে। যাত্রী ও ক্রুদের নিরাপদে নামিয়ে আনা হয়েছে এবং যাত্রীদের দ্রুত গন্তব্যে পাঠাতে বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এ ঘটনায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে। উড়োজাহাজ সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও ক্রুদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।