নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৩:৩১
মিয়ানমারের সশস্ত্র বাহিনী ১০ হাজার রোহিঙ্গাকে হত্যা করেছে : আইসিজে
২০১৭ সালে মুসলিম সংখ্যালঘুদের ওপর নৃশংস দমন-পীড়নের সময় মিয়ানমারের নিরাপত্তা বাহিনী হাজার হাজার বেসামরিক রোহিঙ্গা নাগরিককে হত্যা করেছে বলে বৃহস্পতিবার জানিয়েছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। এসব কর্মকাণ্ড গণহত্যার শামিল কি না, তা পর্যালোচনার অংশ হিসেবে আদালত এ মন্তব্য করেন। খবর বার্তা সংস্থা এএফপির।
জাতিসংঘের শীর্ষ এই আদালত বলেছেন, মিয়ানমারের সৈন্যরা রোহিঙ্গাদের হত্যা ও ধর্ষণ করেছে, শিশুদের বিরুদ্ধে সহিংসতা চালিয়েছে এবং রোহিঙ্গাদের গ্রাম ও বাসস্থান ধ্বংস করেছে।
আইসিজে প্রেসিডেন্ট ইউজি আইওয়াসাওয়া বলেন, তারা হাজার হাজার বেসামরিক রোহিঙ্গা নাগরিককে হত্যা করেছে, ব্যাপক যৌন সহিংসতার পাশাপাশি শিশুদের বিরুদ্ধে চরম সহিংসতা চালিয়েছে এবং বিপুল সংখ্যক রোহিঙ্গা যখন বাংলাদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, তখন তাদের ওপর হামলা চালিয়েছে।
ঐতিহাসিক এই রায়টি পড়ে শোনাতে প্রায় তিন ঘণ্টা সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে; তবে মিয়ানমার গণহত্যার অপরাধ করেছে কি না, সে বিষয়ে আইসিজে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করেনি।
আইওয়াসাওয়া বলেন, আদালত আরও নির্ধারণ করেছে যে, (২০১৭ সালের) শুদ্ধি অভিযানের সময় সহিংসভাবে ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার বিষয়ে যে অনুমান করা হয়েছিল, তা তথ্য-প্রমাণ দ্বারা সমর্থিত।
সীমান্তের ওপারে বাংলাদেশে বিশ্বের বৃহত্তম শরণার্থী শিবিরে বসবাসরত ১০ লাখেরও বেশি রোহিঙ্গার জন্য এই ঐতিহাসিক রায় জবাবদিহিতার এক ক্ষীণ আশার আলো জাগিয়েছে।
পরিবারের সাথে গাদাগাদি করে থাকা আশ্রয়কেন্দ্রে ২৩ বছর বয়সী ধর্ষণের শিকার এক নারী রোহিঙ্গা বলেন, ‘আমি ন্যায়বিচার চাই।’ নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, ‘যারা নারীদের ধর্ষণ করেছে তাদের কঠোর শাস্তি হওয়া উচিত। এ বিষয়ে আইসিজের আলাদাভাবে কিছু বলা উচিত।’
সহিংসতা থেকে বেঁচে ফেরা ব্যক্তিরা গণধর্ষণ, গণহত্যা এবং পরিবার ও শিশুদের প্রতি নির্মমতার লোমহর্ষক সব কাহিনী নিয়ে এসেছেন।
শরণার্থী শিবিরের দুর্দশাগ্রস্ত পরিবেশ থেকে অনেক দূরে বসে ১৫ জন বিচারপতির একটি প্যানেল গত সাত বছর ধরে পর্যালোচনা করছেন যে, মিয়ানমারের কর্মকাণ্ড গণহত্যার সংজ্ঞায় পড়ে কি না।
১৯৪৮ সালের জাতিসংঘ গণহত্যা কনভেনশনের অধীনে গাম্বিয়া এই মামলাটি দায়ের করেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর প্রতিষ্ঠিত এই আন্তর্জাতিক চুক্তি কোনো রাষ্ট্র লঙ্ঘন করেছে বলে সন্দেহ হলে যেকোনো রাষ্ট্র অন্য রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করার সুযোগ পায়।
আইসিজের নিজস্ব সিদ্ধান্ত কার্যকর করার কোনো সরাসরি ক্ষমতা না থাকলেও, মিয়ানমার গণহত্যা চালিয়েছে—এমন রায় দেশটির নেতা মিন অং হ্লাইংয়ের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়িয়ে দেবে। ২০২১ সালের অভ্যুত্থানে অং সান সু চির নির্বাচিত সরকারকে উৎখাত করার আগে রোহিঙ্গা দমন-পীড়নের সময় তিনি সামরিক বাহিনীর নেতৃত্ব দিয়েছিলেন।
চলতি বছর অত্যন্ত সীমিত ও নিয়ন্ত্রিত নির্বাচনের পর মিন অং হ্লাইং বেসামরিক প্রেসিডেন্ট হিসেবে অধিষ্ঠিত হয়েছেন এবং বৈধতা আদায়ের জন্য কূটনৈতিক প্রচারাভিযান চালাচ্ছেন, যা এই রায়ের ফলে জটিল হয়ে উঠতে পারে।
মিয়ানমার সবসময়ই গণহত্যার অভিযোগ অস্বীকার করে আসছে। তাদের যুক্তি, একের পর এক হামলায় এক ডজন নিরাপত্তা কর্মী নিহত হওয়ার পর বিদ্রোহীদের সামরিক অভ্যুত্থান দমনেই তারা এই অভিযান চালিয়েছিল।
গত জানুয়ারিতে মামলার শুনানিতে মিয়ানমারের প্রতিনিধি কো কো হ্লাইং বিচারকদের বলেছিলেন, মিয়ানমার হাত গুটিয়ে বসে থাকতে এবং সন্ত্রাসীদের অবাধ বিচরণের সুযোগ দিতে বাধ্য ছিল না।
গাম্বিয়ার বিচারমন্ত্রী দাউদা জালো বলেন, বহু বছর ধরে অমানবিক আচরণ ও নিপীড়নের শিকার একটি অরক্ষিত জনগোষ্ঠীর ওপর চালানো কল্পনাতীত নৃশংস ও বর্বর সহিংসতার বিশ্বাসযোগ্য প্রতিবেদনগুলো পর্যালোচনা করার পর গাম্বিয়া এই মামলা দায়ের করেছে।
মন্ত্রী দাউদা জালো জানান, আইসিজেতে গাম্বিয়ার এই প্রচেষ্টার পেছনে ৫৭ সদস্যবিশিষ্ট অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর পূর্ণ সমর্থন ও সহযোগিতা রয়েছে।
দাউদা জালো আরও বলেন, ‘এটি আন্তর্জাতিক আইনের কোনো দুর্বোধ্য বিষয় নয়, এটি বাস্তব মানুষ, বাস্তব গল্প এবং একদল জীবন্ত মানুষের অস্তিত্বের বিষয়।
আইসিজে এর আগে মাত্র একবারই গণহত্যা সংঘটিত হওয়ার রায় দিয়েছিল, যা ছিল ১৯৯৫ সালে বসনিয়ার স্রেব্রেনিৎসা গণহত্যা।
আন্তর্জাতিক আইনে গণহত্যা প্রমাণ করা অত্যন্ত কঠিন, কারণ কনভেনশন অনুযায়ী কোনো জাতীয়, নৃতাত্ত্বিক, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস করার সুনির্দিষ্ট উদ্দেশ্য প্রমাণ করতে হয়।
শুনানিতে গাম্বিয়া যুক্তি দেয় যে, অভিযানের সুসংগঠিত প্রকৃতি ও বাস্তবায়ন, এর চরম বর্বরতা, ব্যাপক যৌন সহিংসতা এবং শিশুদের লক্ষ্যবস্তু বানানোর মধ্য থেকেই গণহত্যার উদ্দেশ্য স্পষ্ট হয়ে ওঠে।
আইন বিশেষজ্ঞরা মামলাটি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন; কারণ এর মাধ্যমে আভাস পাওয়া যাবে যে, গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে দক্ষিণ আফ্রিকা যে আরেকটি গুরুত্বপূর্ণ মামলা দায়ের করেছে, আইসিজে সেটি কীভাবে পরিচালনা করবে।
হিউম্যান রাইটস ওয়াচ বলেছে, মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় আদালত কীভাবে তার বর্তমান আইনশাস্ত্র প্রয়োগ ও ব্যাখ্যা করেন, তা অনুরূপ অভিযোগের ক্ষেত্রে চলমান এবং ভবিষ্যতের বিচারিক প্রক্রিয়াগুলোকে প্রভাবিত করবে।
সহিংসতা থেকে বেঁচে ফেরা ২০ বছর বয়সী মোহাম্মদ ওসমান বলেন, তিনি আশা করছেন এই রায় তাকে দেশে ফিরে যাওয়ার এবং মিয়ানমার সেনাবাহিনীর হাতে নিহত তার বাবা-মা ও ছোট ভাইয়ের শেষকৃত্য সম্পন্ন করার সুযোগ করে দেবে।
ওসমান বলেন, ‘তারা আমার বাবাকে গুলি করে হত্যা করে, আমার মাকে আরও কয়েকজন নারীর সাথে একটি ঘরের ভেতর জোর করে ঢুকিয়ে ধর্ষণ করে এবং আমাদের ভিটেমাটি পুড়িয়ে দেয়।’