নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৩ মার্চ ২০২৬ সকাল ১০:৩৮:১২
পাকিস্তানে বিক্ষোভকারীদের মার্কিন মেরিন সদস্যরা গুলি চালায়
পাকিস্তানের করাচিতে যুক্তরাষ্ট্রের দূতাবাসে হামলার সময় বিক্ষোভকারীদের লক্ষ্য করে মার্কিন মেরিন সদস্যরা গুলি চালিয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে দুই মার্কিন কর্মকর্তার
বরাত দিয়ে বলা হয়েছে, কনস্যুলেটে হামলার সময় মার্কিন মেরিন সদস্যরা গুলি ছোড়ে। তবে
তাদের ছোড়া গুলিতে কেউ নিহত বা আহত হয়েছে কি না, তা স্পষ্ট নয়।-খবর আল জাজিরার।
কর্মকর্তারা আরও জানান, কনস্যুলেট রক্ষায় নিয়োজিত অন্য
নিরাপত্তাকর্মী—যেমন
বেসরকারি নিরাপত্তা গার্ড বা স্থানীয় পুলিশ—গুলিবর্ষণ করেছিল কি না, তাও নিশ্চিতভাবে
জানা যায়নি।
এর আগে বিক্ষোভকারীরা কনস্যুলেটের বাইরের দেওয়াল ভেঙে
ভেতরে ঢুকে পড়লে সংঘর্ষের ঘটনা ঘটে। ওই বিক্ষোভে অন্তত ১০ জন নিহত হয় বলে জানা গেছে।
এ বিষয়ে সিন্ধ প্রাদেশিক সরকারের মুখপাত্র সুখদেব আসারদাস
হেমনানি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা গুলি চালিয়েছিল। তবে তিনি কোন বাহিনীর সদস্যরা
গুলি চালিয়েছে তা স্পষ্ট করেননি।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের
সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবরে পাকিস্তানজুড়ে ব্যাপক বিক্ষোভ
ছড়িয়ে পড়ে। দেশটির বিভিন্ন স্থানে সংঘর্ষ ও সহিংসতায় অন্তত ২০ জন নিহত এবং বহু মানুষ
আহত হয়েছেন।