আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪৪:২৮
ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রথম দফার আলোচনা শেষ
পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথম দফার আলোচনা শেষ হয়েছে। কিছুক্ষণের মধ্যে পাকিস্তান কর্তৃপক্ষ এ বিষয়ে ব্রিফ করবে বলে জানা গেছে।
পাকিস্তানের দুজন সরকারি কর্মকর্তা বিবিসি উর্দুকে নিশ্চিত করেছেন, পাকিস্তানি মধ্যস্থতাকারীদের উপস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে আড়াই ঘণ্টা ধরে আলোচনা হয়েছে।
একটি সূত্র জানিয়েছেন, প্রাথমিক আলোচনা ‘ইতিবাচক’ হয়েছে। আগামীকাল রোববার পাকিস্তানের স্থানীয় সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরু হবে।
এরআগে স্থানীয় সময় বিকেল ৪টায় ইসলামাবাদের বিলাসবহুল পাঁচতারা হোটেল সেরেনায় ইরান ও যুক্তরাষ্ট্রের এই শান্তি আলোচনা শুরু হয়। এটি ছিল ১৯৭৯ সালের ইসলামিক বিপ্লবের পর যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে প্রথমবারের মতো উচ্চপর্যায়ের সরাসরি আলোচনা।
পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সভাপতিত্বে বৈঠকে ইরানের নেতৃত্ব দেন দেশটির পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। উপস্থিত ছিলেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসসহ দেশটির আরও বেশ কয়েকজন কর্মকর্তা। অন্যদিকে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বধীন মার্কিন প্রতিনিধি দলে ছিলেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং জামাতা জ্যারেড কুশনার।
মধ্যস্ততায় পাকিস্তানি প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ছিলেন দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইশহাক দার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি।
আলোচনার সঙ্গে জড়িত ঘনিষ্ঠ সূত্রের বরাতে আলজাজিরা জানিয়েছে, প্রথমে ধারণা করা হয়েছিল দুই দেশ পরোক্ষভাবে আলোচনা করবে বলে জানা গেলেও পরে পাকিস্তানের মধ্যস্থতায় একই কক্ষে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা শুরু হয়।
আলজাজিরার পৃথক প্রতিবেদনে বলা হয়, বর্তমানে শত শত সাংবাদিক ইসলামাবাদের প্রধান সম্মেলন কেন্দ্রে অবস্থান করছেন। তাদের উচ্চমানের কফি, দ্রুতগতির ইন্টারনেট এবং বিশেষজ্ঞ ব্র্যান্ডিং সবই সবরাহ করেছে পাকিস্তান কর্তৃপক্ষ, কিন্তু মূল আলোচনা বিশ্বের গণমাধ্যমের নাগালের বাইরেই রয়ে গেছে, কারণ আলোচনাটি অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে মাত্র আধা কিলোমিটার দূরে হোটেল সেরেনায়। হোটেলটিতে কোনো সাংবাদিক প্রবেশ করতে দেওয়া হয়নি।
সূত্র: বিবিসি, আলজাজিরা