নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ সকাল ১১:২৩:১৭
তুরস্কের দুই স্কুলে দুইদিনে বন্দুক হামলা, নিহত ৮ শিক্ষার্থী
তুরস্কের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে গোলাগুলির ঘটনায় আটজন শিক্ষার্থী ও অন্তত একজন শিক্ষক নিহত হয়েছেন এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী মুস্তাফা চিফচির বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
কাহরামানমারাস এলাকার আইসার চালিক মাধ্যমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। সিফসি জানিয়েছেন, এ ঘটনায় ছয়জনের অবস্থা গুরুতর এবং আরও ১৩ জন আহত হয়েছে।
এই ঘটনায় ১৪ বছর বয়সী হামলাকারীও নিহত হয়েছে বলে জানানো হয়েছে।
আরেকটি উচ্চ বিদ্যালয়ে এক প্রাক্তন ছাত্র গুলি চালিয়ে ১৬ জনকে আহত করে নিজে আত্মহত্যা করার পরদিনই স্কুলে বন্দুক হামলার দ্বিতীয় এই ঘটনা ঘটলো।
তুর্কি গণমাধ্যম জানিয়েছে, দুটি শ্রেণিকক্ষে প্রবেশ করা হামলাকারী ওই বিদ্যালয়েরই একজন শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে এবং তার কাছে পাঁচটি বন্দুক ও সাতটি ম্যাগাজিন ছিল বলে ধারণা করা হচ্ছে।
হামলায় ব্যবহার করা অস্ত্রগুলো ওই ছাত্রের সাবেক পুলিশ কর্মকর্তা বাবার ছিল বলে অভিযোগ করেছেন স্থানীয় গভর্নর মুকেরেন উনলুয়ার। স্থানীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতোমধ্যে হামলাকারীর বাবাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।