নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৬ মার্চ ২০২৬ রাত ১১:১৯:৫২
ইরানের ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ চাইলেন ট্রাম্প
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের অবসান ঘটাতে ইরানকে ‘নিঃশর্ত আত্মসমর্পণ’ করতে হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। ইরানে অব্যাহত হামলার মধ্যে আজ শুক্রবার (৬ মার্চ) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে তিনি এ কথা বলেছেন।
পোস্টের বরাতে বার্তা সংস্থা এএফপি জানায়, ট্রাম্প বলেছেন যে, ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না, যদি না তারা নিঃশর্ত আত্মসমর্পণ করে। তার কথায়, ‘তেহরান যদি শর্ত মেনে নতুন নেতৃত্ব নিয়ে আসে, তাহলে ইরানের অর্থনীতি পুনর্গঠনে সহায়তা করবে যুক্তরাষ্ট্র।’
তিনি আরও বলেন, ‘একজন মহান ও গ্রহণযোগ্য নেতা নির্বাচনের পর আমরা এবং আমাদের অনেক অসাধারণ ও অত্যন্ত সাহসী মিত্র-অংশীদাররা মিলে ইরানকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে আনতে অক্লান্ত পরিশ্রম করব।’
পোস্টের শেষে নিজের ‘মেক আমেরিকা গ্রেট এগেইন’ স্লোগানের অনুকরণে ট্রাম্প নতুন একটি স্লোগান ব্যবহার করেন— ‘মেক ইরান গ্রেট এগেইন’। এদিকে যুদ্ধের সপ্তম দিন আজ শুক্রবার ইরানের বিভিন্ন এলাকায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এতে নতুন করে অনেক হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।
আল জাজিরার প্রতিবেদন মতে, মার্কিন ও ইসরাইলি হামলায় ইরানে অন্তত ১ হাজার ৩৩২ জনের মৃত্যু হয়েছে। ফার্স নিউজ এজেন্সির আংশিক সরকারি রিপোর্ট অনুযায়ী, রাজধানী তেহরানের দক্ষিণ-পশ্চিমে অবস্থিত পারান্দ শহরে দুটি স্কুলও ক্ষতিগ্রস্ত হয়েছে।
জবাবে ইরান পারস্য উপসাগরের দেশগুলোকে লক্ষ্য করে হামলা চালিয়ে চলেছে, যা সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার ও বাহরাইন পর্যন্ত ছড়িয়েছে। মার্কিন ঘাঁটির পাশাপাশি রাডার ব্যবস্থা লক্ষ্য করেও হামলার দাবি করেছে দেশটি।
ইসরাইলি বিমানগুলো লেবাননের দক্ষিণ ও পূর্ব শহরগুলোতেও বোমা হামলা চালিয়েছে এবং রাজধানী বৈরুতের দক্ষিণ উপনগরগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে। এতে নতুন করে হতাহত হয়েছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত সোমবার থেকে দেশজুড়ে ইসরাইলি হামলায় অন্তত ২১৭ জনের মৃত্যু হয়েছে এবং ৭৯৮ জন আহত হয়েছে।