নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৬ সকাল ০৯:৪৬:২৮
এশিয়ার জ্বালানি নিরাপত্তা জোরদারে এজেডইসি সম্মেলনে জাপান
এশিয়ার অর্থনীতি ও জ্বালানি খাতের সক্ষমতা বাড়াতে আগামী সপ্তাহে ফিলিপাইনে এশিয়া জিরো এমিশন কমিউনিটির (এজেডইসি) সম্মেলনে যোগ দেবেন জাপানের শিল্পমন্ত্রী রিওসেই আকাজাওয়া। শুক্রবার (১৩ নভেম্বর) তিনি এ কথা জানান।
রয়টার্স জানায়, আকাজাওয়া সাংবাদিকদের বলেন, আগামী ১৬ ও ১৭ নভেম্বর তিনি ফিলিপাইন সফর করবেন। এ সময় গত মাসে ম্যানিলায় অনুষ্ঠিত এজেডইসির মন্ত্রী পর্যায়ের বৈঠকের সিদ্ধান্ত ও ফলাফল তুলে ধরবেন তিনি। গত অক্টোবরের বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এবারের সম্মেলনে আরো আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত জানাতে চাননি আকাজাওয়া।
তিনি বলেন, এ জন্য অন্য দেশগুলোর সঙ্গে আলোচনা ও সমন্বয় করতে হবে।
আকাজাওয়া বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে জ্বালানি সরবরাহে প্রভাব পড়ছে। এ পরিস্থিতিতে জ্বালানির নিরাপদ সরবরাহ নিশ্চিত করা এবং সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখা আগের চেয়ে বেশি জরুরি হয়ে উঠেছে। জাপানের অর্থনৈতিক দৈনিক নিক্কেই বৃহস্পতিবার জানিয়েছে, ২০২৭ সালের শুরুতে আসিয়ানভুক্ত দেশগুলো যৌথভাবে জ্বালানি তেলজাত পণ্য মজুতের ব্যবস্থা চালু করতে পারে। এ জন্য ইন্দোনেশিয়া ও থাইল্যান্ডে মজুতকেন্দ্র তৈরির পরিকল্পনা রয়েছে।
জরুরি পরিস্থিতিতে সদস্য দেশগুলো যেন একে অপরের সঙ্গে জ্বালানি ভাগ করে নিতে পারে, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। আকাজাওয়া আরো জানান, বিদ্যুৎ ও গ্যাসের বিলের খরচ কমাতে জাপান সরকার ৫২১ দশমিক ৯ বিলিয়ন ইয়েন বা ৩৩০ কোটি ডলার ভর্তুকি দেবে। সরকারের সংরক্ষিত তহবিল থেকে এ অর্থ দেওয়া হবে। আগামী ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত এ সুবিধা চালু থাকবে।
এ ছাড়া উচ্চ ভোল্টেজের বিদ্যুৎ, তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) ও কেরোসিন ব্যবহারকারীদের সহায়তা করতে স্থানীয় সরকারগুলোকে আরো ১৩০ বিলিয়ন ইয়েন অনুদান দেওয়া হবে।