নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৩৫:১৪
যুক্তরাষ্ট্রের জব্দ করা জাহাজ দ্রুত ফেরতের দাবি ইরানের
যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর জব্দ করা কার্গো জাহাজ অবিলম্বে ফেরতের দাবি জানিয়েছে ইরান। সেই সঙ্গে ঘটনাটিকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হিসেবে নিন্দা করেছে দেশটি।
আজ মঙ্গলবার (২১ এপ্রিল) প্রকাশিত এক বিবৃতিতে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ‘তুস্কা’ নামের ইরানি পতাকাবাহী জাহাজ, এর নাবিক ও ক্রুদের ‘তাৎক্ষণিক মুক্তির’ দাবি জানায়। খবর গালফ নিউজের।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী, রোববার (১৯ এপ্রিল) ওমান উপসাগরে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ ভাঙার চেষ্টা করলে মার্কিন নৌবাহিনী ইরানি পতাকাবাহী জাহাজটিতে গুলি চালিয়ে সেটি জব্দ করে। প্রকাশিত সামরিক ভিডিওতে একটি গাইডেড-মিসাইল ডেস্ট্রয়ারকে জাহাজটির দিকে অগ্রসর হতে দেখা যায়, এরপর হেলিকপ্টার থেকে মেরিন সদস্যরা নেমে জাহাজে ওঠেন।
ইরান এ ঘটনাকে ‘অত্যন্ত বিপজ্জনক’ ও ‘অপরাধমূলক’ বলে আখ্যা দিয়ে সতর্ক করে বলেছে, দেশের স্বার্থ ও নাগরিকদের সুরক্ষায় তারা প্রতিক্রিয়া জানাবে।
বিবৃতিতে বলা হয়, ইসলামিক রিপাবলিক অব ইরান তার জাতীয় স্বার্থ ও নিরাপত্তা রক্ষায় সব ধরনের সক্ষমতা ব্যবহার করবে।
এছাড়া ইরান স্পষ্টভাবে জানিয়েছে, পরিস্থিতি আরও অবনতির জন্য ‘সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রের ওপর বর্তাবে।’
এর আগে, রোববার (১৯ এপ্রিল) উপসাগরীয় অঞ্চলে নৌ অবরোধের অংশ হিসেবে একটি ইরানি পতাকাবাহী কার্গো জাহাজ জব্দ করে যুক্তরাষ্ট্র। ‘তুস্কা’ নামের জাহাজটি সতর্কবার্তা অমান্য করায় মার্কিন নৌবাহিনী সেটিকে থামিয়ে জব্দ করে বলে অভিযোগ করা হয়।