নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:৩১:২৭
সৌদিতে চাঁদ দেখা গেছে, রোজা শুরু বুধবার
মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতে ১৪৪৭ হিজরির সনের পবিত্র মাহে রমজানের চাঁদ দেখা গেছে।
আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে দেশ দুটি। খবর গালফ নিউজের।
মঙ্গলবার সৌদি আরবের সুপ্রিম কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরবে আনুষ্ঠানিকভাবে অর্ধচন্দ্রের দেখা গেছে। ফলে আজ রাত থেকে ১৪৪৭ হিজরির পবিত্র রমজান মাস শুরু। সেই অনুযায়ী, বুধবার (১৮ ফেব্রুয়ারি) রোজা রাখবেন দেশের নাগরিকরা।
এর আগে সৌদির দুই পবিত্র মসজিদভিত্তিক ‘হারামাইন’ ওয়েবসাইটে বলা হয়েছে, আল-মাজমা'আহ গভর্নরেটে বড় দুই পর্যবেক্ষণ কেন্দ্র সুদাইর ও তুমাইরে চাঁদ দেখা গেছে।
অন্যদিকে সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্সিয়াল আদালত এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির ফতোয়া কাউন্সিল কর্তৃক জারি করা রমজান মাসের চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে আগামীকাল বুধবার (১৮ ফেব্রুয়ারি) রমজানের প্রথম দিন হবে।
এদিকে বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়া, ওমান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, তুরস্ক, অস্ট্রেলিয়ায়, আজারবাইজান, কাজাখস্তান, কিরগিজস্তান এবং উজবেকিস্তানে রমজানের চাঁদ দেখা যায়নি। ফলে এসব দেশ শাবান মাসের ৩০ দিন পূর্ণ করে বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) প্রথম রোজা পালনের সিদ্ধান্ত নিয়েছে।