নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৫ মার্চ ২০২৬ রাত ১১:৪৯:৩৬
ট্রাম্পের হুমকির পরও ইরান যুদ্ধে যোগ দিচ্ছে না ব্রিটেন
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলে যৌথ হামলায় যুক্ত না হওয়ার সিদ্ধান্তে অটল ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। এমনকি তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করে হামলা চালানোর অনুমতিও দেননি।
চলমান পরিস্থিতিতে বৃহস্পতিবার (৫ মার্চ) এক সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান তিনি।
কিয়ার স্টারমার বলেন, ‘আমার লক্ষ্য জাতীয় স্বার্থে শান্ত ও বিচক্ষণ নেতৃত্ব দেয়া। যত চাপই থাকুক, আমাদের মূল্যবোধ ও নীতির পাশে দৃঢ়ভাবে দাঁড়ানোর শক্তি থাকতে হবে।’
এই মন্তব্যের মধ্য দিয়ে তিনি মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার না করার ইঙ্গিত দিয়েছেন বলে মনে করা হচ্ছে।
স্টারমার বলেন, ইরান ইস্যুতে যুক্তরাজ্যের দীর্ঘদিনের অবস্থান হলো আলোচনার মাধ্যমে সমাধান খোঁজা, যাতে ইরান তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করে।
তিনি বলেন, ‘এই কারণেই আমি সিদ্ধান্ত নিয়েছি যে, যুক্তরাজ্য প্রথম দফার হামলায় অংশ নেবে না। এটি ভেবে-চিন্তে নেয়া সিদ্ধান্ত, যা জাতীয় স্বার্থে নেয়া হয়েছে এবং আমি এই সিদ্ধান্তে অটল।
এর আগে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলার ঘটনায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য সানকে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘ইরান যুদ্ধ নিয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী সহায়তা করছে না। আমি কখনও ভাবিনি এমনটা দেখব। যুক্তরাজ্যের কাছ থেকে এমনটা কখনও আশা করিনি। আমরা যুক্তরাজ্যকে ভালোবাসি।’
ইরানের বিরুদ্ধে যুদ্ধে সমর্থন না দেয়ায় কিয়ার স্টারমার মুসলিম ভোটারদের খুশি করার চেষ্টা করছেন বলেও অভিযোগ করেন ডনাল্ড ট্রাম্প। তিনি সতর্ক করে বলেন, ব্রিটেন এখন আর আগের মতো নেই।