মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৭:৪৬
রাজনগর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে নিষিদ্ধ বাঘাই মাছ, প্রশাসন নীরব
মৌলভীবাজারের রাজনগর বাজারে প্রকাশ্যে বিক্রি হচ্ছে সরকার ঘোষিত নিষিদ্ধ বাঘাই মাছ। এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও মৎস্য বিভাগের দৃশ্যমান কোনো তৎপরতা না থাকায় জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
শুক্রবার (১০ মার্চ) রাজনগর বাজার ঘুরে দেখা যায়, একাধিক মাছের দোকানে প্রকাশ্যে বাঘাই মাছ সাজিয়ে রাখা হয়েছে। ২ থেকে ৫ কেজি ওজনের এসব মাছ প্রতি কেজি ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি করছেন বিক্রেতারা। বাজারে ক্রেতাদের ভিড়ও ছিল চোখে পড়ার মতো।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, গত এক সপ্তাহ ধরে নিয়মিতভাবে বাজারে আসছে বাঘাই মাছ। অথচ বাংলাদেশ মৎস্য সংরক্ষণ আইন অনুযায়ী এ মাছ ধরা, পরিবহন ও বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ, কারণ এটি একটি বিপন্ন প্রজাতি।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রেতা বলেন, “সবাই দেখছে, কিনছে। প্রশাসনের কেউ বাধা দিচ্ছে না। তাহলে নিষেধ করে লাভ কী?”
এ বিষয়ে রাজনগর উপজেলা মৎস্য কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের দাবি, প্রশাসনের নীরবতায় উৎসাহিত হয়ে বিক্রেতারা প্রকাশ্যে আইন লঙ্ঘন করছে। দ্রুত বাজার মনিটরিং জোরদার এবং আইন প্রয়োগের মাধ্যমে এই অবৈধ কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছেন তারা।
পরিবেশবাদীদের আশঙ্কা, এভাবে চলতে থাকলে মনু ও কুশিয়ারা নদী থেকে বাঘাই মাছ সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যেতে পারে। তাই জীববৈচিত্র্য রক্ষায় জরুরি পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে।