নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৮ জুন ২০২৬ সকাল ১০:২৩:৪৮
বিশ্ববাজারে ফের জ্বালানি তেলের দামে পতন
যুক্তরাষ্ট্র ও ইরানের প্রেসিডেন্টদের মধ্যে মধ্যপ্রাচ্যের যুদ্ধাবসান এবং কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ ‘হরমুজ প্রণালি’ পুনরায় খুলে দেওয়ার লক্ষ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তি স্বাক্ষরিত হওয়ার মধ্যেই আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ফের কমেছে।
বার্তা সংস্থা রয়টার্সের বরাতে জানা গেছে, আজ বৃহস্পতিবার (১৮ জুন) বিশ্ববাজারে লেনদেনের শুরুতেই তেলের দামে এই পতন লক্ষ্য করা গেছে।
আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের প্রধান মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’ জুলাই মাসের ফিউচার্স মূল্য ৮৯ সেন্ট বা ১.১২ শতাংশ হ্রাস পেয়ে প্রতি ব্যারেল ৭৮.৬৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে, মার্কিন যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারের প্রধান জ্বালানি তেল ‘ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের‘ দাম ৯৮ সেন্ট বা ১.২৮ শতাংশ কমে প্রতি ব্যারেল ৭৫.৮১ ডলারে এসে দাঁড়িয়েছে।
বাজার বিশ্লেষকদের মতে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইরানের প্রেসিডেন্টের মধ্যে অন্তর্বর্তীকালীন চুক্তিটি বিশ্ব অর্থনীতি ও বৈশ্বিক জ্বালানি সরবরাহের ক্ষেত্রে বড় ধরনের স্বস্তি এনে দিয়েছে।
গত কয়েক মাস ধরে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার যে আশঙ্কা তৈরি হয়েছিল, জলপথটি পুনরায় সচল করার সিদ্ধান্তের মাধ্যমে এর অবসান ঘটতে যাচ্ছে। এর ফলে তেলের বাজারে সরবরাহ স্বাভাবিক হওয়ার সুনির্দিষ্ট বার্তায় দরপতন অব্যাহত রয়েছে।