আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১ মে ২০২৬ রাত ০৮:৫১:৪২
স্বর্ণের দামে বড় পতন
ইরান যুদ্ধের জেরে জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে মুদ্রাস্ফীতি বৃদ্ধির আশঙ্কা এবং কেন্দ্রীয় ব্যাংকগুলোর সুদের হার কমানোর সম্ভাবনা হ্রাস পেয়েছে। এতে বিশ্ববাজারে স্বর্ণের দাম বড় পতনের মুখে পড়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার (১ মে) আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম এক শতাংশের বেশি কমেছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার জিএমটি সময় ১টা ৩০ মিনিটে স্পট মার্কেটে স্বর্ণের দামে বড় পতন দেখা গেছে। স্বর্ণের দাম ০.৭ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৫৮৮ দশমিক ৩২ ডলারে দাঁড়িয়েছে।
এর আগে দিনের শুরুতে দাম আরও কমে ৪ হাজার ৫৫৯ দশমিক ৪৮ ডলারে নেমে যায়। চলতি সপ্তাহে সোনার দাম মোট ২.৩ শতাংশ কমার পথে রয়েছে।
অন্যদিকে, জুন ডেলিভারির জন্য যুক্তরাষ্ট্রের সোনার ফিউচার্সের দাম ০.৬ শতাংশ কমে প্রতি আউন্স ৪ হাজার ৬০০ ডলারে দাঁড়িয়েছে।
ইউবিএস অ্যানালিস্ট জিওভানি স্টাউনোভো রয়টার্সকে বলেন, স্বল্প মেয়াদে স্বর্ণের দামের সঙ্গে তেলের দামের একটি নেতিবাচক সম্পর্ক তৈরি হয়েছে। কারণ তেলের দাম সুদের হারের প্রত্যাশাকে প্রভাবিত করছে।
এদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনার জেরে ব্রেন্ট ক্রুড তেলের দাম বছরের শুরুর তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে গেছে। ফলে জ্বালানি তেলের দাম বৃদ্ধি পাওয়ায় বিশ্ব অর্থনীতিতে মন্দা এবং উচ্চ মুদ্রাস্ফীতির আশঙ্কা প্রবল হচ্ছে।
অন্যদিকে অন্যান্য মূল্যবান ধাতুর মধ্যে রুপার দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৭৪ দশমিক ৭৮ ডলার, প্লাটিনাম শুন্য দশমিক ৩ শতাংশ কমে ১ হাজার ৯৯১ দশমিক ৮০ ডলার দাঁড়িয়েছে।