আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ৭ আগস্ট ২০২৬ রাত ০৮:৪৩:১৪
বাংলাদেশ সরকার নিয়ে শেখ হাসিনার বক্তব্য সমর্থন করি না: ভারত
গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি ভারতের নয়াদিল্লিতে আয়োজিত সংবাদ সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপি সরকারকে নিয়ে যে বক্তব্য দিয়েছেন, তার সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই বলে দাবি করেছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (৭ আগস্ট) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে হাসিনার বক্তব্যে নিয়ে দেশটির সরকারের অবস্থান জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
ওই সংবাদ সম্মেলনকে সম্পূর্ণভাবে বেসরকারি উদ্যোগ উল্লেখ করে তাতে ভারত সরকারের কোনও ভূমিকা ছিল না বলেও দাবি করেন রণধীর জয়সওয়াল।
রণধীর জয়সওয়াল আরও বলেন, অনুষ্ঠানটির বিষয়ে আগেই আমরা আমাদের অবস্থান স্পষ্ট করেছি। আমি আবার সেই অবস্থানের পুনরাবৃত্তি করছি। ওই প্ল্যাটফর্মে যা কিছু বলা হয়েছে, বিশেষ করে বাংলাদেশের যথাযথভাবে গঠিত সরকার সংক্রান্ত বক্তব্যের কোনও কিছুই সরকার সমর্থন করে না।