নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ সকাল ১১:৩১:২৯
বর্তমান সরকার নারীদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ: জোবায়দা রহমান
বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন ডিসিতে গেছেন। সেখানে তিনি অনুষ্ঠিত ‘ফস্টারিং দ্য ফিউচার টুগেদার গ্লোবাল কোয়ালিশন সামিট’-এ উদ্বোধনী অনুষ্ঠানে ভাষণ দেন। ভাষণে নারীর ক্ষমতায়নের বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব আরোপ করেন।
ডা. জুবাইদা উল্লেখ করেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মেয়েদের দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা চালু করেছিলেন। বর্তমান সরকার নারীদের জন্য স্নাতকোত্তর পর্যায় পর্যন্ত বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ।
ডা. জুবাইদা রহমান বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও উদ্ভাবনী প্রযুক্তি শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যসেবায় আমূল পরিবর্তন আনতে পারে। তিনি উন্নত দেশগুলোর প্রতি বাংলাদেশকে এ ক্ষেত্রে সহায়তা প্রদানের আহ্বান জানান। তিনি বলেন, “প্রতিটি দেশের ভবিষ্যৎ লেখা হয় সেই দেশের শিশুদের জীবনেই। আজ আমরা যে শিক্ষা দিচ্ছি এবং যে মূল্যবোধে তাদের বড় করছি, তার মাধ্যমেই আগামীদিনের জাতি গঠিত হয়।”
ডা. জুবাইদা রহমান আরও বলেন, শিশুদের স্বাস্থ্যসেবায় শুধু চিকিত্সা নয়, রোগ প্রতিরোধ ও প্রাথমিক জীবনের যত্নের ওপরও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। শহর-গ্রামের বৈষম্য কমাতে প্রযুক্তি, বিশেষ করে শিক্ষা-প্রযুক্তি (এড-টেক)-এর কেন্দ্রীয় ভূমিকা রয়েছে। তিনি জোর দিয়ে বলেন, প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার নিশ্চিত করা অত্যন্ত জরুরি, যাতে শিশুরা নিরাপদ ও সহায়ক পরিবেশে বেড়ে উঠতে পারে।
সম্মেলনের উদ্বোধন করেন যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণকারীরা শিশুদের সম্ভাবনা বিকাশ এবং জাতির ভবিষ্যৎ নির্মাণে একত্রিত হয়েছেন।