নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ দুপুর ১২:১৫:৩০
মামুন খালেদ ও মাসুদ উদ্দিনকে মানবাতাবিরোধী অপরাধের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন
গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদ (অব.) কে গুমের অভিযোগে এবং লে. জে. (অব.) মাসুদ উদ্দিন চৌধুরী (অব.) কে জুলাই গণহত্যার অভিযোগ এনে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেছে প্রসিকিউশন। আজ রোববার (২৯ মার্চ) এ আবেদন দাখিল করা হয়।
এ বিষয়ে প্রসিকিউটর গাজী এম এইচ তামিম বলেন, আসামিদের বিরুদ্ধে সুনিদির্ষ্ট অভিযোগে ট্রাইবুনাল-২ এ অভিযোগ এনে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হয়েছে।
মিরপুর মডেল থানার হত্যা মামলায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক লে. জেনারেল (অব.) শেখ মামুন খালেদকে পাঁচ দিনের রিমান্ড দিয়েছেন আদালত।
নথি থেকে জানা গেছে, ২০২৪ সালের ১৯ জুলাই বিকেলে মিরপুর-১০ নম্বর ফলপট্টি এলাকায় ছাত্র-জনতার শান্তিপূর্ণ আন্দোলনের সময় পাঁচ থেকে সাতশ আওয়ামী লীগের নেতাকর্মী দেশীয় ও আগ্নেয়াস্ত্র নিয়ে হামলা চালায়। অভিযোগ, গ্রেপ্তারকৃত আসামি শেখ মামুন খালেদ এ হামলার নির্দেশ দেন। এসময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন দেলোয়ার হোসেন, যিনি চিকিৎসাধীন অবস্থায় ২১ জুলাই শ্যামলীর একটি বেসরকারি হাসপাতালে মারা যান।
এছাড়া গত সোমবার দিনগত রাতে রাজধানীর বারিধারা ডিওএইচএসের বাসা থেকে ওয়ান ইলিভেনের নায়ক সাবেক সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিনকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে তাকে মানবপাচারের মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
২০০৭ সালে সেনাবাহিনীর নবম ডিভিশনের জিওসির দায়িত্বে থাকা মাসুদ উদ্দিন চৌধুরী ওই বছরে এক-এগারোর পট পরিবর্তনের পর গুরুতর অপরাধ দমন-সংক্রান্ত জাতীয় সমন্বয় কমিটির সমন্বয়ক ছিলেন। ২০০৮ সালের জুনে তাকে অস্ট্রেলিয়ায় বাংলাদেশের হাইকমিশনার করে পাঠানো হয়েছিল। ২০০৯ সালে ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারও তাকে ২০১১ সালের জুন পর্যন্ত সেই দায়িত্বে রাখে।
২০১৮ সালে জাতীয় পার্টিতে যোগ দিয়ে একাদশ সংসদ নির্বাচনে ফেনী-৩ (সোনাগাজী ও দাগনভূঞা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মাসুদ উদ্দিন চৌধুরী। এ নির্বাচনে ফেনী-৩ আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হতে মনোনয়ন ফরম নিয়েছিলেন তিনি। তার পাঁচ দিনের মাথায় তিনি জাতীয় পার্টির মনোনয়ন ফরম কেনেন। এর পরদিনই জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য হন এক-এগারোর সময় আলোচিত সাবেক এ সেনা কর্মকর্তা।