নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ আগস্ট ২০২৬ বিকাল ০৫:২৯:১৯
সংসদের ভবিষ্যৎ নিয়ে আমি চিন্তিত: স্পিকার
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, আমি সংসদের ভবিষ্যৎ নিয়ে কিছুটা চিন্তিত, আজকে যেভাবে একে অন্যকে কথা বলার ক্ষেত্রে বাধা প্রচেষ্টা লক্ষ করেছি এটি সংসদের জন্য ভালো লক্ষণ নয়।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রথম দিনে প্রশ্নোত্তর পর্বে হট্টগোল সৃষ্টি হলে তিনি এসব কথা বলেন।
স্পিকার বলেন, অনেক কষ্টের পর গণতন্ত্র অর্জিত হয়েছে। এই সংসদ যেন বহাল থাকে সেজন্য প্রতিটি সংসদ সদস্যের দায়িত্ব রয়েছে।
এর আগে বিরোধী দলীয় এক সংসদ সদস্যের প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দীন আহমেদ বিরোধী দলীয় সংসদ সদস্যকে উদ্দেশ্য করে বলেন, ‘এটা শাহবাগ নয় মহান জাতীয় সংসদ।’ এ বক্তব্যের পরপরই কুমিল্লা-৩ আসনের সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহসহ বিরোধী দলের সংসদ সদস্যরা আসন ছেড়ে উঠে তার এমন বক্তব্যের প্রতিবাদ জানান।
স্বরাষ্ট্রমন্ত্রীর এমন বক্তব্যকে অগ্রহণযোগ্য উল্লেখ করে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, স্বরাষ্ট্রমন্ত্রী সংসদের শুরুর দিন থেকেই এমন আচরণ করে যাচ্ছেন। আমি জানি না তিনি নিজেকে কী মনে করেন। তার সাম্প্রতিক তার বক্তব্য গুলোতে তিনি নিজেকে জাতীয় সংসদের শিক্ষক বলে পরিচয় করিয়েছেন। মাননীয় স্পিকার আমরা মহান জাতীয় সংসদের কাউকে শিক্ষক হিসেবে দেখতে চাই না।
একপর্যায়ে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মাইক মিউট করে সবাই থামান।