নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৬ সকাল ১০:১৮:২৯
ছুটি শেষে রবিবার বসছে সংসদ অধিবেশন
ঈদুল ফিতরের ছুটি ও দীর্ঘ ১৩ দিনের বিরতি কাটিয়ে আজ রোববার (২৯ মার্চ) পুনরায় শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। রবিবার (২৯ মার্চ) বিকেল থেকে সংসদীয় কার্যক্রমের অংশ হিসেবে সরকারি দলের সংসদীয় সভার পাশাপাশি অধ্যাদেশ সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
গত ১২ মার্চ ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন শুরু হয়েছিল। তবে পবিত্র ঈদুল ফিতর ও অন্যান্য ছুটির কারণে গত ১৫ মার্চ অধিবেশনটি সাময়িকভাবে মুলতবি করা হয়।
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের তৃতীয় দিনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। এ আলোচনায় সরকার ও বিরোধী দলের সদস্যরা অংশ নিবেন।
এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব ও জাতীয় জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন ও সেই নোটিশের ওপর আলোচনার আলোচনার কর্মসূচি রয়েছে।
আগামী ৩০ এপ্রিল পর্যন্ত অধিবেশন চলবে বলে সংসদের কার্য-উপদেষ্টা কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।