নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৫ মার্চ ২০২৬ রাত ০৭:২৮:৪৭
২৪ ঘণ্টার মধ্যে নবীন ফ্যাশন খোলার নির্দেশ, ওসিকে আদালতের তলব
রাজধানীর মগবাজারে আলোচিত ‘নবীন ফ্যাশন’নামে পাঞ্জাবির দোকান আগামী ২৪ ঘণ্টার মধ্যে খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) তলব করা হয়েছে। এছাড়াও, পুলিশের উপস্থিতিতে দোকানটি বন্ধ করে দেওয়ার ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আদালত।
বুধবার (২৫ মার্চ) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ২৫ ধারার ক্ষমতা বলে জাস্টিস অব পিস হিসেবে স্বপ্রণোদিত হয়ে এ আদেশ দেন।
আদালতের আদেশে বলা হয়, একটি জাতীয় দৈনিকের অনলাইন প্রতিবেদনে দেখা যায়, মগবাজারের বিশাল সেন্টার মার্কেটে ‘নবীন’ ব্র্যান্ডের একটি পাঞ্জাবির দোকানে একদল ব্যক্তি পুলিশের উপস্থিতিতে দোকান বন্ধ করে দেয়। এ সময় কিছু ব্যক্তিকে উচ্ছৃঙ্খল আচরণ করতে দেখা গেলেও উপস্থিত পুলিশ সদস্যদের নির্লিপ্ত অবস্থানে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।
এ ঘটনায় আদালত মন্তব্য করেন, পুলিশের এমন নিষ্ক্রিয়তা জনমনে ভীতি ও উদ্বেগ সৃষ্টি করতে পারে। কেন এ ধরনের আচরণ আইনবহির্ভূত ও পেশাদারত্ববিরোধী হিসেবে ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে সংশ্লিষ্ট ওসিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে আদালতে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া আদালত নির্দেশ দেন, ‘নবীন ফ্যাশন’-এর দোকানটি আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঘটনাস্থলে উপস্থিত থেকে খুলে দিতে হবে। একইসঙ্গে এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের নাম-পরিচয়সহ বিস্তারিত তথ্য আদালতে জমা দিতে বলা হয়েছে।
গত ২০ মার্চ ঈদের আগের দিন রাজধানীর মগবাজারে অবস্থিত ‘নবীন ফ্যাশন’-এর একটি শোরুম জোরপূর্বক বন্ধ করে দেওয়া হয়। অভিযোগ রয়েছে, আশপাশের ব্যবসায়ীরা পুলিশের সহায়তায় দোকানটি বন্ধ করে দেন। কম দামে পণ্য বিক্রিকে ‘রিলিফ কার্যক্রমের’ সঙ্গে তুলনা করে আপত্তি জানানো হয়।