নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:০৪:০২
এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘এসএমই খাতের প্রতিবন্ধকতা দূর করতে সরকার কাজ করছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের উদ্যোক্তাদের ছাড়া অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয়।’
রোববার (২২ নভেম্বর) সকাল সোয়া ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ১৩তম জাতীয় এসএমই পণ্যমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি ও প্রসারে এসএমই খাতের বিকল্প নেই। এ খাতে ২৫ লাখ কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য হাতে নিয়েছে সরকার।’
প্রধানমন্ত্রী বলেন, এসএমই খাতের উন্নয়নে একটি ক্রিয়েটিভ ডিজাইন সেন্টার প্রতিষ্ঠা করা হবে। এ ছাড়া ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের আন্তর্জাতিক বাজারে পরিচিতি বাড়াতে সিঙ্গাপুর ও লন্ডনে আয়োজিত মেলায় অংশগ্রহণের পরিকল্পনা রয়েছে।
২০৩৪ সালের মধ্যে দেশের অর্থনীতি ১ ট্রিলিয়ন ডলারে রূপান্তরের প্রকল্পের কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ রাখলেই হবে না। একে রফতানিমুখী উৎপাদনের অংশ হিসেবে গড়ে তোলা এখন সময়ের দাবি। তৈরি পোশাক শিল্পের মাধ্যমে বাংলাদেশ বিশ্ব দরবারে নিজের পরিচয় তৈরি করেছে। অন্যান্য সম্ভাবনাময় খাতেও উদ্যোক্তাদের অবদান বাড়ানোর সময় চলে এসেছে।
এর আগে জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার-২০২৬ আট ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তার হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পুরস্কারপ্রাপ্তদের নগদ পুরস্কার, ট্রফি ও সার্টিফিকেট দেওয়া হয়েছে।
পুরস্কারের ক্যাটাগরিগুলো হলো—বর্ষসেরা মাঝারি উদ্যোক্তা (পুরুষ), ক্ষুদ্র উদ্যোক্তা (নারী ও পুরুষ), মাইক্রো উদ্যোক্তা (নারী), স্টার্টআপ, গ্রিন এসএমই ব্যবসা, প্রযুক্তিনির্ভর সৃজনশীল উদ্যোক্তা ও বিশেষ উদ্যোক্তা।
মেলায় অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রায় ৬০ শতাংশ নারী উদ্যোক্তাদের। পাদুকা ও চামড়াজাত পণ্য, পাটজাত পণ্য, হস্ত ও কারুশিল্প, ফ্যাশন ডিজাইন, হারবাল ও প্রসাধনী, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ, জুয়েলারি, হালকা প্রকৌশল, তথ্যপ্রযুক্তি এবং প্লাস্টিক ও রাবারজাত পণ্যের প্রতিষ্ঠান থাকবে।