রাহেবুল ইসলাম টিটুল লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৯ নভেম্বর ২০২৬ দুপুর ১২:২৬:৫৪
অন্যের প্রযুক্তি নয়, নিজেদের উদ্ভাবনে এগোবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
তিন বছরের মধ্যে বাংলাদেশের নিজস্ব প্রযুক্তিতে তৈরি স্যাটেলাইট মহাকাশে উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, অন্যের প্রযুক্তির ওপর নির্ভর না করে তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে এগিয়ে যাবে বাংলাদেশ।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতা ২০২৬’-এর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান ও প্রযুক্তিতে পিছিয়ে থাকলে দেশও পিছিয়ে থাকবে। তরুণদের প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও সহযোগিতা দিতে পারলে তারা বিশ্বজয়ের সক্ষমতা রাখে। তরুণদের মেধা কাজে লাগিয়ে বাংলাদেশকে স্বনির্ভর ও প্রযুক্তিনির্ভর দেশ হিসেবে গড়ে তুলতে চায় সরকার।
এর আগে সকাল সাড়ে ১০টার দিকে বিশেষ বিমানে লালমনিরহাট বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। পরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস পরিদর্শন শেষে প্রতিযোগিতার অনুষ্ঠানে যোগ দেন।
সফরসূচি অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠান শেষে মহেন্দ্রনগরের মন্ডলেরহাটে মডেল খাল পুনঃখনন কাজের উদ্বোধন ও জনসভায় বক্তব্য দেওয়ার কথা রয়েছে তাঁর। বিকেলে কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় শেষে ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে পুরো জেলায় উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। বিভিন্ন কর্মসূচিস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মুখর হয়ে উঠেছে লালমনিরহাট।