উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও সেনাবাহিনীর যৌথ অভিযান
ওমর ফারুক সোহাগ,কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৭ অক্টোবর ২০২৬ সকাল ১১:১৬:৪৪
কক্সবাজারে ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার
কক্সবাজারের উখিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও বাংলাদেশ সেনাবাহিনীর যৌথ অভিযানে ২০ হাজার পিস ইয়াবাসহ আনিস উল্লাহ (২২) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উখিয়া উপজেলার বালুখালী মরাগাছতলা এলাকার রোহিঙ্গা বাজারে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের পশ্চিম পাশে মো. হাছনের দোকানের সামনে থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আনিস উল্লাহ উখিয়ার ৯ নম্বর রোহিঙ্গা শরণার্থী ক্যাম্পের বাসিন্দা। তাঁর পিতার নাম জাকির আহমেদ।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, যৌথ অভিযানের সময় আনিস উল্লাহর হাতে থাকা একটি পাটের তৈরি শপিং ব্যাগ তল্লাশি করে স্কচটেপ ও টিস্যু পেপারে মোড়ানো দুটি বান্ডেল পাওয়া যায়। এসব বান্ডেলের ভেতরে থাকা ১০০টি নীল রঙের জিপারলক প্যাকেটে মোট ২০ হাজার পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার প্যাকেটসহ মোট ওজন ১ কেজি ৯৪০ গ্রাম।
এ সময় তাঁর কাছ থেকে একটি অপো এ৭৮ মডেলের স্মার্টফোনও জব্দ করা হয়।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক মোহাম্মদ মিজানুর রহমান বাদী হয়ে গ্রেপ্তার আনিস উল্লাহর বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) ধারার সারণির ১০(গ) ক্রমিকে মামলা দায়ের করেছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক সোমেন মণ্ডল এ তথ্য জানিয়েছেন।