মাহামুদুল হাসান নয়ন, রূপগঞ্জ অনলাইন
প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:০৪:৪১
রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি ও আখের খেত ভাঙচুরের অভিযোগ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ১০ লাখ টাকা চাঁদা দাবি, না পেয়ে আখের খেত ধ্বংস,বেকু দিয়ে মাটি কেটে নেয়ার পায়তারা এবং পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকির অভিযোগে পুলিশ সুপার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেছেন এক প্রবাসীর স্ত্রী মলিনা বেগম । ভুক্তভোগী উপজেলার দারকাবটেক এলাকার আব্দুল আলীমের স্ত্রী এবং বিরাবো এলাকার লিয়াকত আলীর মেয়ে।
অভিযোগ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাঞ্চন পৌরসভার বিরাবো এলাকায় ভুক্তভোগী মলিনা বেগমের পিতা লিয়াকত আলী'র সঙ্গে মোজাম্মেল গংসহ চক্রের লোকজন এলাকায় ত্রাস সৃষ্টি করে আসছে। গত ২৩ অক্টোবর ২০২৬ ইং তারিখ বিকেলে বাদীর পিতা লিয়াকত আলী মসজিদ থেকে আছরের নামাজ পড়ে বের হলে মোজাম্মেল হক (৩৫), আলমাছ আলী (৮২), মহসিন (৪০) সহ অজ্ঞাতনামা ৫-৬ জন সন্ত্রাসী তার পথরোধ করে। এ সময় অভিযুক্তরা ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন এবং চাঁদা না দিলে ভেকু দিয়ে বাদীর কেনা জমির মাটি কেটে অন্যত্র বিক্রি করে দেওয়ার হুমকি দেন।
একই দিন সন্ধ্যায় অভিযুক্তরা ১৫-২০ জন সন্ত্রাসী নিয়ে বাদীর বাড়িতে গিয়ে ভাড়াটিয়াদের অন্যত্র চলে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করে এবং বাদীর পরিবারকে বাড়ি থেকে উচ্ছেদের ভয়ভীতি দেখায়। পরবর্তীতে গত ২৫ অক্টোবর দুপুরে অভিযুক্তরা দলবল নিয়ে বাদীর জমির রোপণকৃত আখের খেত কোপাইয়া নষ্ট করে ফেলে এবং দুই দিনের মধ্যে চাঁদার টাকা না দিলে জোরপূর্বক জমি দখল করে নেওয়ার হুমকি দেয়।
এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগে ভুক্তভোগী মলিনা বেগম প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে নারায়ণগঞ্জের পুলিশ সুপারের নিকট আইনগত ব্যবস্থা গ্রহণের আকুতি জানিয়েছেন।
এ বিষয়ে অভিযুক্ত মোজাম্মেল মুঠোফোনে বলেন, অভিযোগকারী মলিনার ভাই ওমর আলী ১০ লাখ টাকার মাটি বিক্রি করে বিদেশ চলে গেছে, তাই তার বাড়ি থেকে মাটি কাটতে গিয়েছি।
এসব বিষয়ে রূপগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এএইচএম সালাহউদ্দিন বলেন, ঘটনা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।