টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৬ রাত ০৬:০২:১৯
টুঙ্গিপাড়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, নিরাপত্তা জোরদারে বিশেষ গুরুত্ব
আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় পূজামণ্ডপের নিরাপত্তা জোরদার, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুর ২টায় টুঙ্গিপাড়া মাল্টিপারপাস পৌর সুপার মার্কেটে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ দিদারুল আলমর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি ও গোপালগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এস এম জিলানী।
বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।
সংসদ সদস্য এস এম জিলানী বলেন,“আমরা সবাই মিলে ঐক্যবদ্ধভাবে আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্যাপন করব। উৎসবকে ঘিরে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ পরিবেশে পূজা উদ্যাপনে সবাইকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে।”
পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা এবং দর্শনার্থীদের নির্বিঘ্ন চলাচল বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বদা প্রস্তুত থাকবে। উৎসব চলাকালে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হবে।
সভায় পূজামণ্ডপগুলোতে নিরাপত্তা জোরদার, সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয় বৃদ্ধি এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি দ্রুত মোকাবিলায় প্রস্তুত থাকার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি দুর্গাপূজা সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে পূজা উদ্যাপন কমিটি, জনপ্রতিনিধি, প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সমন্বিতভাবে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়।
উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এবং পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য, শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। প্রতিবছর এ উৎসবকে কেন্দ্র করে পূজামণ্ডপগুলোতে ভক্ত ও দর্শনার্থীদের ব্যাপক সমাগম ঘটে। ধর্মীয় ভাবগাম্ভীর্য বজায় রাখার পাশাপাশি উৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসন প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করছে।