কোনাবাড়ি (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৬ সকাল ১১:৪৮:৪৪
কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নিকাণ্ডের ঘটনায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি
গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়িতে পৃথক দুইটি অগ্নিকান্ডের ঘটনায় তিনটি ঝুট গুদামের সমস্ত ঝুট কাপড় ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ।
প্রত্যক্ষদর্শীরা জানায় আজ সকালে মহানগরের কোনাবাড়ি থানাধীন আমবাগ বাঘিয়া সরকারবাড়ী জামে মসজিদ এলাকায় রাসেল মিয়া ও এনামুল হকের ঝুট গুদামে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কোনাবাড়ি মর্ডান ফায়ারসার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩ ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ফায়ারসার্ভিস জানায় প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্র পাত হতে পারে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এতে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। উদ্ধার করা হয়েছে প্রায় ৫০ লাখ টাকার মালামাল।
এছাড়াও রোববার (১৮ অক্টোবর) সন্ধ্যা সময় কোনাবাড়ি থানাধীন আমবাগ ডিস পুকুরপাড় এলাকায় রনি মিয়ার ঝুট গুদামে অগ্নি কান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস। উদ্ধার করা হয়েছে প্রায় ৩০ লাখ টাকার মালামাল। ফায়ার সার্ভিস জানায় সিগারেটের আগুন থেকে রনি মিয়া অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কোনাবাড়ি মর্ডান ফায়ারসার্ভিসের ওয়্যারহাউজ পরিদর্শক মোঃ সাইফুল ইসলাম জানান,কোনাবাড়ি আমবাগ বাঘিয়া এলাকায় পৃথক দুইটি অগ্নি কান্ডের ঘটনা ঘটে। এতে তিনটি ঝুট গুদামের প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।