সোহেল আমিন, ধামরাই (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৬ দুপুর ১২:৫৯:২৩
ধামরাইয়ে রাতে পূজামণ্ডপ পরিদর্শন, সম্প্রীতি বজায় রাখার প্রত্যয় নাজমুল হাসান অভির
ঢাকার ধামরাই পৌরসভার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করে সার্বিক নিরাপত্তা পরিস্থিতির খোঁজখবর নিয়েছেন ঢাকা জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক নাজমুল হাসান অভি।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে তিনি ধামরাই পৌরসভার প্রত্যেকটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি পূজামণ্ডপের নিরাপত্তা ব্যবস্থা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পূজা উদ্যাপনে কোনো ধরনের সমস্যা হচ্ছে কি না, তা জানতে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
পূজামণ্ডপ পরিদর্শনকালে নাজমুল হাসান অভি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং নির্বিঘ্নে দুর্গাপূজা উদ্যাপনের বিষয়ে তাদের খোঁজখবর নেন।
তিনি বলেন, ধামরাইয়ে সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে দীর্ঘদিনের সাম্প্রদায়িক সম্প্রীতি রয়েছে। এই সম্প্রীতি ও সৌহার্দ্য অটুট রাখতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। কোনো অপপ্রচার বা গুজব যেন সম্প্রীতির পরিবেশ নষ্ট করতে না পারে, সেদিকে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদ্যাপনে পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার কোনো বিকল্প নেই।
পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং যেকোনো প্রয়োজনে সহযোগিতার আশ্বাস দেন।