জেলা প্রতিনিধি, ফরিদপুর
প্রকাশ : ২৩ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২২:১৯
ফরিদপুরে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৩
ফরিদপুর বাস ও অ্যাম্বুলেন্সের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত তিনজন অ্যাম্বুলেন্সের যাত্রী। এ দুর্ঘটনায় আরও তিনজন আহত হন।
নিহতদের মধ্যে দুজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় জানাতে পারেনি পুলিশ।
শুক্রবার (২৩ অক্টোবর) বিকেল ৩টার দিকে জেলার মধুখালীতে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন করিমপুর হাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম।
করিমপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সালাম বলেন, ঢাকা-খুলনা মহাসড়কের মধুখালী উপজেলার আড়কান্দি এলাকায় ফরিদপুর থেকে মাগুরাগামী অ্যাম্বুলেন্স ও মাগুরা থেকে ছেড়ে আসা ‘কিং ফিসার’ নামে লোকাল বাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অ্যাম্বুলেন্সের তিন যাত্রী নিহত হন। এ সময় আরও তিনজন আহত হন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার অভিযান চালিয়ে হতাহতদের উদ্ধার করেন। বাস ও অ্যাম্বুলেন্স জব্দ করা হয়েছে।