মোঃ ওয়াজেদ আলী, সিনিয়র গাইবান্ধা জেলা প্রতিনিধি
প্রকাশ : ৫ মে ২০২৬ বিকাল ০৩:০৬:২৫
গাঁজাসহ স্বামী -স্ত্রী আটক
গাইবান্ধার গোবিন্দগঞ্জে এক কেজি গাঁজাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
সোমবার (৪ মে) বিকেলে উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কামারদহ ইউনিয়নের মোহাব্ববপুর (তুলসিপাড়া) গ্রামের হাবিজার রহমানের ছেলে নুরুন্নবী (২৮) ও তার স্ত্রী আপেলা বেগম (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে আপেলা বেগমের বাড়িতে অভিযান চালায় ডিএনসির একটি দল। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে নুরুন্নবী ও তার স্ত্রী পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে তাদের আটক করা হয়। পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী শয়নকক্ষের খাটের নিচ থেকে এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত গাজার আনুমানিক বাজার মুল্য ৫০ হাজার টাকা।
গাইবান্ধা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক (ওসি) মোস্তফা জামান জানান, এই মাদক উদ্ধারের ঘটনায় তিনি নিজে বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় আটক দম্পতির বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন।