মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার থেকে
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ দুপুর ১২:১৮:৪৯
কুলাউড়ায় নকল প্রসাধনীসহ ৬ জন আটক, উদ্ধার প্রায় ৫ লক্ষাধিক টাকার পণ্য
মৌলভীবাজারের কুলাউড়া পৌরশহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে দেশি-বিদেশি বিভিন্ন নামী ব্র্যান্ডের নকল প্রসাধনীসহ ছয়জনকে আটক করেছে কুলাউড়া থানা পুলিশ। এ সময় প্রায় ৫ লক্ষাধিক টাকা মূল্যের বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কুলাউড়া পৌরশহরের কয়েকটি দোকান ও ব্যবসা প্রতিষ্ঠানে নামী ব্র্যান্ডের নকল প্রসাধনী বিক্রি করা হচ্ছে—এমন অভিযোগ আসছিল। এসব পণ্য ব্যবহারে সাধারণ মানুষের ত্বক ও স্বাস্থ্যের ঝুঁকি তৈরি হচ্ছে বলেও বিভিন্ন মহল থেকে অভিযোগ ওঠে। এর প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাতে কুলাউড়া পৌরশহরের বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ।
অভিযানে নেতৃত্ব দেন কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন। এ সময় কয়েকটি দোকান ও গুদামে তল্লাশি চালিয়ে বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের নামে তৈরি নকল কসমেটিকস সামগ্রী উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পণ্যের মধ্যে ছিল ফেস ক্রিম, লোশন, ফেসওয়াশ, পাউডার, লিপস্টিকসহ বিভিন্ন ধরনের প্রসাধনী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় পাঁচ লক্ষাধিক টাকা বলে জানিয়েছে পুলিশ।
অভিযানের সময় নকল প্রসাধনী বিক্রি ও সংরক্ষণের অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তবে তদন্তের স্বার্থে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
স্থানীয় ব্যবসায়ী ও সচেতন নাগরিকরা পুলিশের এ ধরনের অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তারা বলেন, বাজারে দীর্ঘদিন ধরে নকল প্রসাধনী বিক্রি হচ্ছিল। এতে সাধারণ ক্রেতারা প্রতারিত হচ্ছিলেন এবং স্বাস্থ্যঝুঁকির মুখে পড়ছিলেন। নিয়মিত অভিযান চালালে এসব অবৈধ ব্যবসা বন্ধ হবে বলে তারা আশা প্রকাশ করেন।
কুলাউড়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আজমল হোসেন বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। বেশ কিছু দোকানে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নকল প্রসাধনী সামগ্রী জব্দ করা হয়েছে। এসব পণ্য মানুষের স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। যারা এ ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িত, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
তিনি আরও বলেন, “ভোক্তাদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এবং বাজারে ভেজাল ও নকল পণ্যের বিস্তার রোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
পুলিশ জানিয়েছে, জনস্বাস্থ্য ও ভোক্তা অধিকার রক্ষায় বাজারে নকল ও ভেজাল পণ্যের বিরুদ্ধে কুলাউড়াসহ জেলার বিভিন্ন এলাকায় নজরদারি জোরদার করা হয়েছে এবং প্রয়োজন অনুযায়ী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।