রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫২:৩৭
পাংশায় ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ১
রাজবাড়ীর পাংশায় এক নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় রাশেদ নামে একজনকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করেছে পুলিশ। মঙ্গলবার ভুক্তভোগী নারী পাংশা মডেল থানায় মামলাটি দায়ের করেন।
মামলার আসামিরা হলেন—পাংশা পৌর তরুণ দলের সভাপতি হাসিবুর রহমান অন্তর, রাশেদুজ্জামান ওরফে রাশেদ এবং মো. বরকত মুন্সী। এজাহারে উল্লেখ করা হয়, গত ৩০ মার্চ বিকেলে কুষ্টিয়ায় যাওয়ার উদ্দেশ্যে মৈশালা বাসস্ট্যান্ডে অবস্থান করছিলেন ভুক্তভোগী। এ সময় একটি সাদা রঙের মাইক্রোবাসে করে তিনজন ব্যক্তি এসে তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায়।
পরে চলন্ত গাড়ির ভেতরেই তাকে পালাক্রমে ধর্ষণ করা হয় এবং কুষ্টিয়া সদর এলাকায় একটি নির্জন স্থানে ফেলে রেখে যায় অভিযুক্তরা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই নারী কুষ্টিয়া সদর থানায় পৌঁছালে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তিনি পাংশা মডেল থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় জড়িত অন্য আসামিদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মঈনুল ইসলাম বলেন, “গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।”