রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ৬ জুন ২০২৬ দুপুর ১২:৪৪:১০
ঘেরের মাছ চুরির অপবাদে যুবককে নির্যাতনের অভিযোগ, হাসপাতালে ভর্তি
বাগেরহাটের রামপালে ঘেরের মাছ চুরির অপবাদ দিয়ে এক যুবককে বাড়ি থেকে তুলে নিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় কয়েকজনের নাম উল্লেখ করে রামপাল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগীর বাবা।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার বেলাই গ্রামের বাসিন্দা রনজিৎ কর্মকার অভিযোগ করেন, গত ৪ জুন ২০২৬ তারিখ সন্ধ্যা ৭টার দিকে তার ছেলে সুজন কর্মকার (২৩)-কে বাড়ি থেকে ধরে নিয়ে যায় অভিযুক্তরা। পরে রামপাল থানার ভেকটমারী গ্রামের একটি দোকানের সামনে বটগাছের সঙ্গে ঝুলিয়ে বাঁশের লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগে হাওলাদার মুজিবর রহমান (বাবুল), হাওলাদার বাগদাত হোসেন (তালহা), হাওলাদার তানভির হোসেন (তালিব), মোস্তাজুল শেখসহ আরও ২-৩ জন অজ্ঞাত ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে।
ভুক্তভোগীর পরিবারের দাবি, স্থানীয় লোকজন ঘটনাস্থলে উপস্থিত হলে অভিযুক্তরা সুজন কর্মকারকে প্রাণনাশের হুমকি দেয়। এছাড়া অভিযোগকারী ও তার ছেলের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নেওয়া এবং তিন লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করার অভিযোগও করা হয়েছে।
পরিবারের সদস্যরা জানান, আহত সুজন কর্মকারকে রামপাল ঝনঝনিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তিনি বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এ বিষয়ে রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ রাজিব আল রশিদ বলেন, "ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।"
পুলিশ জানায়, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।