নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ জুন ২০২৬ দুপুর ০১:৪৩:১২
তেজগাঁও-দারুস সালামে র্যাবের অভিযান, ৩৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ২
রাজধানীর তেজগাঁও ও দারুস সালাম এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ চার মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-২)। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৮৯ হাজার টাকা।
র্যাব-২ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৮ জুন তেজগাঁও ও দারুস সালাম এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে চারজনকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ৩ হাজার ৬৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মো. আবদুল্লাহ (৩০), মো. মনির হোসেন (৩৯), মো. সালাউদ্দিন (৪০) ও মো. ফরিদ (৩৩)। র্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে রাজধানীর তেজগাঁও ও দারুস সালামসহ বিভিন্ন এলাকায় উচ্চমূল্যে বিক্রি করে আসছিলেন।
র্যাব-২ এর উপ-পরিচালক (মিডিয়া) মেজর এম মুবীন রহমান তাপস বলেন, মাদকের বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।