নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৩০:৪২
যাত্রাবাড়ীতে ‘দুর্বৃত্তের ছুরিকাঘাতে’ মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু
রাজধানীর যাত্রাবাড়ীর কাজলা এলাকায় ‘দুর্বৃত্তদের ছুরিকাঘাতে’ মো. মাহিম মিয়া (১৫) নামের এক মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার দিবাগত রাত ১০টার দিকে ওই এলাকার স্কুল গলিতে এই ঘটনা ঘটে।
মাহিম কিশোরগঞ্জ সদর উপজেলার বেতাল গ্রামের ফল ব্যবসায়ী দীন ইসলামের ছেলে। বর্তমানে সে যাত্রাবাড়ীর কাজলা এলাকায় বসবাস করত এবং স্থানীয় একটি মাদ্রাসায় হেফজ বিভাগে পড়তো ।
নিহতের দুলাভাই মো, রাফি জানান, কাজলা স্কুল গলি এলাকায় মাহিমকে অজ্ঞাত সন্ত্রাসীরা এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।পরে আমরা খবর পেয়ে মাহিমকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে কী কারণে এ ঘটনা ঘটিয়েছে সেই বিষয়ে কিছু বলতে পারছি না।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে।