সীমা প্রধান
প্রকাশ : ৮ জুন ২০২৬ দুপুর ০১:১৪:২৮
উত্তরায় ১১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
রাজধানীর উত্তরা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১ হাজার ১০৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
পুলিশ জানায়, সোমবার (৮ জুন) ভোর ৩টা ৪০ মিনিটে উত্তরা ১১ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের একটি বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে মো. রসুল খান (২৬) ও মহিতুন নেছা (৬২) নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
এ সময় তাদের কাছ থেকে ১ হাজার ১০৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ খালিদ মুনসুরের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মির্জা তারেক আহমেদ বেগের সার্বিক দিকনির্দেশনা ও তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। মাদক নির্মূলে উত্তরা জোনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।