মো. আরিফ হোসেন চৌধুরী
প্রকাশ : ৩ সেপ্টেম্বর ২০২৬ দুপুর ১২:২১:১৭
শাহজালাল বিমানবন্দরে উড়োজাহাজের আসনের নিচে মিলল ২০ কোটি টাকার স্বর্ণ
রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইদুবাইয়ের একটি উড়োজাহাজের আসনের নিচ থেকে প্রায় ২০ কোটি টাকা মূল্যের ৮০টি স্বর্ণের বার উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। উদ্ধার করা স্বর্ণের মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি।
বুধবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। অভিযানে ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা ও সংশ্লিষ্ট সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ঢাকা কাস্টমস হাউস সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ফ্লাইদুবাইয়ের একটি ফ্লাইটে তল্লাশি চালানো হয়। তল্লাশির একপর্যায়ে উড়োজাহাজের একটি আসনের নিচে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় স্বর্ণের বারগুলো পাওয়া যায়।
পরে সেখান থেকে মোট ৮০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলোর মোট ওজন প্রায় ৯ দশমিক ৩৩ কেজি। প্রাথমিক হিসাবে উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ কোটি টাকা বলে জানিয়েছে ঢাকা কাস্টমস হাউস।
তবে বিপুল পরিমাণ এই স্বর্ণ কে বা কারা উড়োজাহাজের আসনের নিচে রেখেছিল এবং এর গন্তব্য কোথায় ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। এ ঘটনায় কাউকে আটক করার তথ্যও পাওয়া যায়নি।
ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা জানিয়েছেন, স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত চলছে। সংশ্লিষ্টদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে।