সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৫:২৫:৩৩
সিরাজগঞ্জে যাচাই-বাছাই শেষে ফুয়েল কার্ড বিতরণ: নতুন নিয়মে স্বস্তি, কমেছে দুর্ভোগ
সিরাজগঞ্জে যাচাই-বাছাই শেষে ফুয়েল কার্ড বিতরণ কার্যক্রম চালুর পর জেলায় জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরে এসেছে। “নো ফুয়েল কার্ড, নো পেট্রোল-অকটেন” নীতি বাস্তবায়নের ফলে গ্রাহকদের ভোগান্তি কমে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।
জানা যায়, নতুন এ ব্যবস্থায় ফুয়েল কার্ডধারী গ্রাহকেরা নির্ধারিত নিয়মে স্বল্প সময়ে লাইনে দাঁড়িয়ে সহজেই পেট্রোল ও অকটেন সংগ্রহ করতে পারছেন। এতে করে পাম্পগুলোতে অযাচিত ভিড় কমেছে এবং সেবার মানও উন্নত হয়েছে।
গ্রাহক আলামিন হোসেন লিমন, মাসুদ রানা ও রেজাউল করিম জানান, সরকারের ফুয়েল কার্ড ব্যবস্থার ফলে তেল নিতে এখন আর আগের মতো সমস্যায় পড়তে হচ্ছে না। স্বাভাবিক ও সুশৃঙ্খল পরিবেশে তারা জ্বালানি সংগ্রহ করতে পারছেন। অবৈধ বা নিবন্ধনবিহীন যানবাহনের ভিড় কমে যাওয়ায় পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও তারা উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা জানান, ফুয়েল কার্ডে প্রতিটি গ্রাহকের জন্য নির্ধারিত সময় ও পরিমাণ উল্লেখ থাকায় অতিরিক্ত বা অপ্রয়োজনীয় জ্বালানি সংগ্রহের সুযোগ নেই। ফলে পাম্পগুলোতে শৃঙ্খলা বজায় থাকছে এবং অপচয়ও কমছে।
তবে ডিজেল গ্রাহকরা এখনো ফুয়েল কার্ড ব্যবস্থার বাইরে থাকায় বাস ও ট্রাক চালকেরা আগের মতোই লাইনে দাঁড়িয়ে জ্বালানি সংগ্রহ করছেন। অন্যদিকে কৃষকরা কৃষি কর্মকর্তার প্রত্যয়নপত্র নিয়ে ডিজেল সংগ্রহ করছেন।
সিরাজগঞ্জ স্থানীয় সরকার শাখার সহকারী পরিচালক উম্মে নাজনীন নিশাত জানান, জেলায় ইতোমধ্যে প্রায় সাড়ে ১৩ হাজার যানবাহনের মধ্যে বিনামূল্যে ফুয়েল কার্ড বিতরণ করা হয়েছে। আগামী ৬ এপ্রিল পর্যন্ত এ কার্যক্রম চলবে। তিনি আশা প্রকাশ করেন, এ উদ্যোগের ফলে অবৈধ মজুদ ও অপব্যবহার উল্লেখযোগ্যভাবে কমে আসবে।
স্থানীয়দের মতে, ফুয়েল কার্ড ব্যবস্থা চালুর ফলে দীর্ঘদিনের বিশৃঙ্খল পরিস্থিতির উন্নতি হয়েছে এবং সাধারণ গ্রাহকদের ভোগান্তি অনেকাংশে লাঘব হয়েছে।