রাজিব মাহমুদ, সাভার প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:২৫:০০
সাভার সাব-রেজিস্ট্রি অফিসে রাজস্ব বেড়েছে প্রায় ৫০ কোটি টাকা
সাভার সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিনের সিন্ডিকেট ও দালালচক্র নিয়ন্ত্রণে এনে স্বচ্ছতা নিশ্চিত করার ফলে সরকারি রাজস্ব আয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে জানিয়েছেন সাব-রেজিস্ট্রার জাকির হোসেন।
১৮ এপ্রিল সন্ধ্যায় সাব-রেজিস্ট্রি কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি বলেন, বর্তমানে সরকারি নির্ধারিত ফি অনুযায়ী জমি রেজিস্ট্রেশন কার্যক্রম পরিচালিত হচ্ছে। এতে সেবাগ্রহীতাদের অতিরিক্ত অর্থ প্রদান ও হয়রানির মতো সমস্যাগুলো অনেকাংশে কমে এসেছে।
তিনি আরও জানান, স্বচ্ছতা প্রতিষ্ঠার এই উদ্যোগ বাস্তবায়নে কিছু অসাধু চক্রের চাপ ও প্রতিবন্ধকতার মুখেও পড়তে হয়েছে, তবে সেবা সহজীকরণে প্রশাসন অটল ছিল।
কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে ২৪ হাজার ১১৬টি দলিল সম্পন্ন হয় এবং রাজস্ব আদায় হয় ২৬৬ কোটি ৬৯ লাখ টাকার বেশি। ২০২৫ সালে দলিল সংখ্যা সামান্য কমে ২৪ হাজার ৫৫টি হলেও রাজস্ব বেড়ে দাঁড়ায় ২৮৯ কোটি ২১ লাখ টাকার বেশি।
এছাড়া ২০২৫ সালের প্রথম তিন মাসে রাজস্ব আদায় ছিল ৬৫ কোটি টাকার বেশি, আর ২০২৬ সালের একই সময়ে তা বেড়ে ৮০ কোটি টাকার বেশি হয়েছে।
সাব-রেজিস্ট্রার জাকির হোসেন বলেন, “সরকারি স্বার্থ রক্ষা এবং জনগণকে হয়রানিমুক্ত সেবা দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে।”