লোহাগাড়া-সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ : ১৯ মার্চ ২০২৬ বিকাল ০৪:৪৬:২৫
মহাসড়কে নিরাপত্তা ডিউটি তদারকিতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার
পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মহাসড়কে চলাচলরত যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের নিরাপত্তা ডিউটি কার্যক্রম সরেজমিনে তদারকি করেছেন।
বৃহস্পতিবার তিনি চট্টগ্রাম দক্ষিণ বিভাগের আওতাধীন বিভিন্ন মহাসড়ক ও থানা এলাকায় পরিদর্শন করেন। এ সময় সাতকানিয়া, লোহাগাড়া, চন্দনাইশ ও পটিয়া এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে অবস্থান করে ট্রাফিক ব্যবস্থাপনা ও নিরাপত্তা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি হাইওয়ে পুলিশ ও ট্রাফিক বিভাগের দায়িত্বপ্রাপ্ত সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং দায়িত্ব পালনে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পাশাপাশি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা করেন।
পুলিশ সুপার বলেন, “পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে মানুষের ঘরমুখো যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে চট্টগ্রাম জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন এবং যাত্রীদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সমন্বিতভাবে কাজ করে যাচ্ছি। সকলকে ট্রাফিক আইন মেনে চলার জন্য অনুরোধ জানাচ্ছি, যাতে সবার ঈদযাত্রা স্বস্তিদায়ক ও নিরাপদ হয়।”
এ সময় সংশ্লিষ্ট এলাকার অফিসার ইনচার্জ, সার্কেল অফিসার, হাইওয়ে পুলিশ, ট্রাফিক বিভাগসহ অন্যান্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
পরিদর্শন শেষে উপস্থিত সাংবাদিকবৃন্দ ও স্থানীয় জনসাধারণ পুলিশের এ ধরনের তৎপরতা ও কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।
চট্টগ্রাম জেলা পুলিশ জানায়, ঈদযাত্রা নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন করতে তারা সর্বোচ্চ আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।