মোঃ শান্ত শেখ, টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ১০ মে ২০২৬ রাত ০৭:৩৫:০৪
গোপালগঞ্জে নিজ বাড়িতে একই পরিবারের ৫ জনের দাফন সম্পন্ন
ভোরে মরদেহগুলো গ্রামে পৌঁছানোর পর পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতদের মধ্যে ছিলেন এক মা, তার তিন শিশু সন্তান এবং তাদের মামা। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ।
স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৬টার দিকে দুটি অ্যাম্বুলেন্সে করে মরদেহগুলো গোপালগঞ্জ সদর উপজেলার পাইককান্দি ইউনিয়নের উত্তরপাড়া ফকিরবাড়ি গ্রামে আনা হয়। পরে পারিবারিক বাড়ির উঠানে শিশুদের শেষ গোসল করানো হয়।
নিহতদের একনজর দেখতে সকাল থেকেই শত শত মানুষ বাড়িতে ভিড় করেন। সকাল ১১টায় পাইককান্দি পঞ্চপল্লী মাদ্রাসা মাঠে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে উত্তর চরপাড়া কবরস্থানে সারিবদ্ধ পাঁচটি কবরে তাদের দাফন করা হয়।
উল্লেখ্য, শনিবার ভোরে কাপাসিয়া উপজেলার রাউৎকোনা গ্রামের একটি ভাড়া বাসায় এ মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘাতক স্বামী ফোরকান মিয়া এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ পরিবার ও এলাকাবাসী ঘাতক ফোরকান মিয়া-সহ জড়িতদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনাটি গাজীপুর জেলার আওতাধীন হলেও পলাতক আসামিদের গ্রেপ্তার ও তদন্তে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক ইউনিট আসামিদের ধরতে অভিযান চালাচ্ছে।