কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৫ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৭:৫৫
কসবায় ছাত্রদলের কমিটিতে ট্রান্সজেন্ডার অন্তর্ভুক্তি, পরে বহিষ্কার
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ছাত্রদলের একটি কলেজ কমিটিতে ট্রান্সজেন্ডার ব্যক্তিকে অন্তর্ভুক্ত করা নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে। সমালোচনার মুখে শেষ পর্যন্ত সংশ্লিষ্ট ব্যক্তিকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
রোববার (৫ এপ্রিল) জেলা ছাত্রদলের দপ্তরের দায়িত্বে থাকা যুগ্ম আহ্বায়ক মামুন খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
জেলা ছাত্রদলের সদস্যসচিব সমীর চক্রবর্তী জানান, কসবায় অবস্থিত সৈয়দাবাদ আদর্শ মহাবিদ্যালয় শাখা ছাত্রদলের পূর্বের পাঁচ সদস্যবিশিষ্ট কমিটি সম্প্রসারণ করে সম্প্রতি ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পদে রেদোয়ান ইসলামকে রাখা হয়েছিল।
তিনি আরও জানান, কমিটি গঠনের আগে জমা দেওয়া বায়োডাটায় রেদোয়ান ইসলাম নিজেকে পুরুষ হিসেবে উল্লেখ করেন। তবে কমিটি ঘোষণার পর জানা যায়, তিনি অস্ত্রোপচারের মাধ্যমে লিঙ্গ পরিবর্তন করেছেন। এ তথ্য গোপন করার অভিযোগে তাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।
ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং স্থানীয়দের মধ্যে নানা আলোচনা চলছে।