কসবা আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ১০ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৩:৩০
আখাউড়ায় খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলায় খাল পুনঃখনন কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ অগ্রাধিকার প্রকল্প এবং ইজিপিপি কর্মসূচির আওতায় উপজেলার মনিয়ন্ধ ইউনিয়নের চকিমুড়া খালের পুনঃখনন কাজ শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৯ এপ্রিল) বিকেলে টনকী-মাস্টারপাড়া ব্রিজ সংলগ্ন এলাকায় আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন আখাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাপসী রাবেয়া।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য খন্দকার বিল্লাল হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান, মনিয়ন্ধ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহাবুবুল আলম চৌধুরী দীপক, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব শেখ আমজাদ হোসেন বাবু, যুবদল নেতা মামুন আহমেদ, সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহিনুজ্জামান জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়িত এ প্রকল্পে চকিমুড়া খালের মোট দৈর্ঘ্য ৬ কিলোমিটার। এর মধ্যে প্রথম পর্যায়ে ব্রিজের এক প্রান্ত থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার এলাকায় কাজ করা হবে। প্রকল্পে ৩৫৭ জন শ্রমিক নিয়োজিত থাকবেন এবং এ জন্য ৭৬ লাখ ৭৫ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আগামী ৩০ জুনের মধ্যে কাজ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
উদ্বোধনী বক্তব্যে ইউএনও তাপসী রাবেয়া বলেন, “কালের বিবর্তনে খালটি প্রায় ভরাট হয়ে জমিতে পরিণত হয়েছে। আমরা দৃশ্যমান উন্নয়ন কাজ করতে চাই। এ প্রকল্প সফলভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা একান্তভাবে প্রয়োজন।”