রুহুল আমিন কিবরিয়া, বগুড়া প্রতিনিধি
প্রকাশ : ১৬ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৫:৩৮
গুদামে মজুত তেল জব্দ, পালালেন ব্যবসায়ী; ৪ হাজার লিটার ডিজেল উদ্ধার
বগুড়ার সারিয়াকান্দিতে অবৈধভাবে মজুত করা চার হাজার লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে জব্দকৃত তেল সরকারি দামে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে জব্দ করা ডিজেল বিক্রি করা হয়। এর আগে বুধবার (১৫ এপ্রিল) রাতে পৌর এলাকার টিপুর মোড়ে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কোনো লাইসেন্স বা সরকারি অনুমোদন ছাড়াই টিপুর মোড় এলাকার লোপা এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী লোকমান হাকিম খোলাবাজারে ডিজেল, পেট্রল ও অকটেন বিক্রি করে আসছিলেন। সম্প্রতি আন্তর্জাতিক পরিস্থিতির প্রভাবে জ্বালানির বাজার অস্থির হয়ে উঠলে তিনি বিক্রি বন্ধ করে বিপুল পরিমাণ তেল মজুত করেন বলে অভিযোগ রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত সাড়ে ৯টার দিকে লোপা এন্টারপ্রাইজে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া ফেরদৌস। এ সময় সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে ব্যবসায়ী লোকমান হাকিম পালিয়ে যান। ফলে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে অভিযানকালে চার হাজার লিটার ডিজেল জব্দ করা হয় এবং প্রতিষ্ঠানটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া ফেরদৌস বলেন, “গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত করা ডিজেল জব্দ করা হয়েছে। জব্দকৃত তেল সরকারি দামে সাধারণ মানুষের কাছে বিক্রি করা হচ্ছে এবং বিক্রির অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়া হবে।”
তিনি আরও বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করতে যারা অবৈধভাবে তেল মজুত করছেন, তাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।