কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৬ মার্চ ২০২৬ রাত ০৬:৫৮:০৬
কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন, জড়িতদের গ্রেপ্তারে আল্টিমেটাম
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী পাগলা মসজিদের নিলাম সংক্রান্ত সংবাদ সংগ্রহ করতে গিয়ে দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন জেলার কর্মরত সাংবাদিকরা। মানববন্ধন থেকে সন্ত্রাসীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ।
শুক্রবার (৬ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে জেলা শহরের কালীবাড়ী চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে কিশোরগঞ্জ সাংবাদিক সমাজ। এতে কিশোরগঞ্জ সাংবাদিক ফোরাম, কিশোরগঞ্জ প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা প্রেসক্লাব, কিশোরগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়নসহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের প্রতিনিধিরাও সংহতি প্রকাশ করেন।
মানববন্ধনে বক্তারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি। তারা দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
গতকালের হামলায় আহত হন চ্যানেল টোয়েন্টিফোরের কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি খায়রুল আলম ফয়সাল (৩৭) এবং গ্লোবাল টেলিভিশনের জেলা প্রতিনিধি ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু (৪২)। তারা দুজনই কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানা যায়, প্রতিদিন আসরের নামাজের পর ঐতিহাসিক পাগলা মসজিদের দানের বিভিন্ন সামগ্রী নিলামে তোলা হয়। এই নিলামকে কেন্দ্র করে একটি সিন্ডিকেট দীর্ঘদিন ধরে কম দামে এসব সামগ্রী ক্রয় করে আসছিল বলে অভিযোগ রয়েছে। ওই সিন্ডিকেটের কার্যক্রম নিয়ে সংবাদ সংগ্রহ করতে ঘটনাস্থলে যান দুই সাংবাদিকসহ চারজন সংবাদকর্মী। এ সময় একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্রের লোকজন হঠাৎ মব সৃষ্টি করে তাদের ওপর হামলা চালায়। এতে দুই সাংবাদিক গুরুতর আহত হন। পরে মসজিদের দায়িত্বরত আনসার সদস্যদের সহায়তায় আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন।
হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বৃহস্পতিবার রাতে বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে আরও ৮ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করে কিশোরগঞ্জ সদর মডেল থানায় হত্যাচেষ্টা মামলা দায়ের করেন। এ ঘটনায় অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কিশোরগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খালেদ হাসান জুম্মন বলেন, “যে মসজিদের সভাপতি জেলা প্রশাসক, সেখানে এমন হামলার ঘটনা মেনে নেওয়া যায় না। পাগলা মসজিদের নিলামে সিন্ডিকেটের মাধ্যমে লাখ লাখ টাকা লুটের অভিযোগ রয়েছে। সেই অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে এই হামলার ঘটনা ঘটেছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সিন্ডিকেট ভেঙে দিতে হবে।”
কিশোরগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি নূর মোহাম্মদ বলেন, “সাংবাদিকরা সংবাদ সংগ্রহ করতে গিয়ে যেভাবে হামলার শিকার হয়েছেন তা ন্যাক্কারজনক। এটি মুক্ত গণমাধ্যমের জন্য হুমকি এবং গোটা জাতির জন্য অশনিসংকেত। আমরা দ্রুত অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।”
কিশোরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি নাসিম খান বলেন, সাংবাদিকদের ওপর হামলার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তিনি সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ভিডিও ফুটেজ দেখে হামলাকারীদের দ্রুত আইনের আওতায় আনার আহ্বান জানান।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কামাল ভূঞা জানান, হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক ফয়জুল ইসলাম ভূইয়া পিংকু বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় জীবন ও মনা নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।