মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ রাত ০৬:৫৪:০০
পদ-পদবি নয়, দায়িত্ব শপথের অঙ্গীকার: মিয়া গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার জেলার উদ্যোগে সদস্য (রুকন) সম্মেলন-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দিনব্যাপী আয়োজিত এ সম্মেলনে জেলার প্রায় পাঁচ শতাধিক রুকন অংশগ্রহণ করেন।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বক্তব্যে বলেন, “দুনিয়াবি চাওয়া-পাওয়া, আশা-আকাঙ্ক্ষা বা পদ-পদবি লাভের জন্য নয়, দায়িত্ব পালন করতে হবে শপথের সাথে জড়িত অঙ্গীকার হিসেবে এবং তা কেবল আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে।”
তিনি রুকনদের উদ্দেশ্যে আরও বলেন, একজন সদস্য হিসেবে সমাজ ও দেশের কল্যাণে আত্মনিবেদিত হয়ে কাজ করতে হবে এবং নৈতিকতা ও আদর্শিক দৃঢ়তা বজায় রাখতে হবে। যে কোনো পরিস্থিতিতে ন্যায়পরায়ণতা ও দৃঢ়তার সাথে দায়িত্ব পালন করার আহ্বান জানান তিনি।
অধ্যাপক পরওয়ার আরও বলেন, “আমার ভালো কাজের জন্য কে স্বীকৃতি দিলো বা দিলো না—তা ভাবার সময় নেই। আমাদের কাজ করে যাওয়াই মূল লক্ষ্য। নিজেদের সব সময় আত্মসমালোচনার মাধ্যমে গড়ে তুলতে হবে।”
জেলা আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলীর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি ইয়ামীর আলীর পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।
এছাড়া উপস্থিত ছিলেন জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, জেলা সহকারী সেক্রেটারি আজিজ আহমদ কিবরিয়া প্রমুখ। সম্মেলনে দারসুল কুরআন পেশ করেন জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আমিনুল ইসলাম।
সম্মেলনের অংশ হিসেবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন দিকনির্দেশনামূলক আলোচনা ও সংগঠনিক রিপোর্টিং সেশন অনুষ্ঠিত হয়। শৃঙ্খলাপূর্ণ পরিবেশে সম্মেলন শেষ হয় এবং সংগঠনকে আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করা হয়।