শামীম আহমেদ, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:০৯:১৩
লঞ্চ থেকে নদীতে পড়ে যুবক নিখোঁজ, তিন ঘণ্টায়ও আসেনি উদ্ধারকারী দল, আটক ২
চাঁদপুরের মতলব উত্তরে লঞ্চ থেকে নামার সময় মেঘনা নদীতে পড়ে এক যুবক নিখোঁজ হয়েছেন।
শুক্রবার সকাল ১১টার দিকে ষাটনল লঞ্চঘাটে এ ঘটনা ঘটে। নারায়ণগঞ্জ থেকে চাঁদপুরগামী মুকবিল-২ লঞ্চ থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিজের ব্যাগ লঞ্চে রেখে যাওয়ার কথা মনে পড়ে ওই যুবক আবার লঞ্চে ওঠেন। পরে ফের নামার সময় লঞ্চটি পেছনের দিকে চালিয়ে দেওয়া হলে ঘাটে লাফ দিয়ে নামার চেষ্টা করেন তিনি। এ সময় মেঘনা নদীতে পড়ে নিখোঁজ হন।
ঘটনার পর লঞ্চটি মোহনপুর ঘাটের দিকে চলে গেলে নৌ পুলিশ লঞ্চটি ও দুই স্টাফকে আটক করে।
প্রায় তিন ঘণ্টা পরও ঘটনাস্থলে ডুবুরি বা বিশেষ উদ্ধারকারী দল না পৌঁছানোয় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তবে নৌ পুলিশ, থানা পুলিশ ও স্থানীয়রা নদীতে উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছেন।
নিখোঁজ যুবকের বয়স আনুমানিক ৩০ বছর। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।