রফিকুল ইসলাম, নান্দাইল প্রতিনিধি
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৬ রাত ০৯:১১:২২
নান্দাইলে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ, লোডশেডিং কমার আশা
ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বিদ্যুৎ সংকট নিরসনে অতিরিক্ত ৭ মেগাওয়াট বিদ্যুৎ বরাদ্দ দেওয়া হয়েছে। তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী এমপির ডিও লেটারের প্রেক্ষিতে বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এ বরাদ্দ প্রদান করে।
এতে করে নান্দাইল উপজেলায় মোট বিদ্যুৎ সরবরাহের পরিমাণ দাঁড়ালো ৫০ মেগাওয়াট। সংশ্লিষ্টদের মতে, এই অতিরিক্ত বরাদ্দের ফলে এলাকায় লোডশেডিং উল্লেখযোগ্যভাবে কমে আসবে এবং সাধারণ মানুষের ভোগান্তি লাঘব হবে।
জানা যায়, স্কুল-কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ সর্বসাধারণের দুর্ভোগ বিবেচনায় নিয়ে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বিদ্যুৎ সমস্যার সমাধানে উদ্যোগ নেন এবং বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয়ে ডিও লেটার প্রদান করেন।
এ বিষয়ে প্রতিমন্ত্রী তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় বলেন, তিনি কথার চেয়ে কাজে বিশ্বাসী এবং স্বল্প সময়ের মধ্যেই নান্দাইলবাসীর জন্য এই বরাদ্দ নিশ্চিত করা সম্ভব হয়েছে। এ জন্য তিনি মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান।
তিনি আরও উল্লেখ করেন, এ বরাদ্দের মাধ্যমে নান্দাইলের বিদ্যুৎ সমস্যার বড় একটি অংশের সমাধান হবে এবং এলাকাবাসীর দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। ভবিষ্যতেও জনগণের পাশে থেকে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
এদিকে, অতিরিক্ত বিদ্যুৎ বরাদ্দের খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ইতিবাচক প্রতিক্রিয়া দেখা যায়। অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে প্রতিমন্ত্রীকে ধন্যবাদ জানান।