কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২ নভেম্বর ২০২৬ দুপুর ১২:৫৩:০৫
গাজীপুরে ১৫০ কারখানা ছুটি ঘোষণা
ন্যুনতম মুজরী ৩০ হাজার টাকার দাবিতে সপ্তম দিনের মতো বিক্ষোভ করছে পোশাক শ্রমিকরা। রোববার সকালে গাজীপুরের কোনাবাড়ী,কাশিমপুর কালিয়াকৈর,নাওজোড় ও ভোগড়া বাইপাস এলাকায় শ্রমিকরা ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে রাখে।
এঘটনায় বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরে ১৫০ টি কারখানা ছুটি ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ।
এর আগে গতকাল ১০০ কারখানায় ছুটি ঘোষণা করা হয়। এখন পর্যন্ত ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শ্রমিকরা অবস্থান করে বিক্ষোভ করছেন। বিভিন্নস্থানে টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করায় মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকরা পুলিশকে লক্ষ করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশও শ্রমিকদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের পাশাপাশি ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে গাজীপুরে। ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবি সদস্যরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাঠে অবস্থান নিয়েছেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি প্রশাসনের পক্ষ থেকেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। গাজীপুর শিল্প অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, গাজীপুরে প্রায় ১৫০ টি কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। তিনি বলেন, পুলিশের পাশাপাশি বিজিবি মাঠে রয়েছেন।