নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৮ মার্চ ২০২৬ বিকাল ০৫:৫০:০০
মাদারীপুরে বসতবাড়িতে বোমা বিস্ফোরণ, লুটপাট-ভাঙচুর; আহত ৫
মোঃ আলী হোসেন
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরের ডাসার উপজেলা-এর বালিগ্রাম ইউনিয়নের খাতিয়াল গ্রামে পূর্ব শত্রুতার জেরে ৪টি বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে।
ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ৮টার দিকে বালিগ্রাম ইউনিয়ন-এর খাতিয়াল গ্রামে ৫০ থেকে ৬০ জনের একটি সংঘবদ্ধ দল কয়েকটি বসতবাড়িতে বোমা বিস্ফোরণ ঘটিয়ে হামলা চালায়। হামলাকারীরা ঘরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় এবং স্বর্ণালংকারসহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন।
হামলায় ক্ষতিগ্রস্তদের মধ্যে রয়েছেন সিরাজ মল্লিক, কবির ফকির, শহিদুল হক, জালাল মাতুব্বর, আবু আলম মল্লিক, আবু বক্কর মল্লিক ও বাদল মল্লিক।
প্রবাসীর স্ত্রী খাদিজা বেগম, পুতুল ও সানজিদা বেগম অভিযোগ করে বলেন, শহিদুল মাতুব্বরের নেতৃত্বে নাসির শেখ, দীলিপ মাতুব্বরসহ ৫০-৬০ জনের একটি সংঘবদ্ধ দল তাদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট চালায়। এ সময় ঘর থেকে প্রায় ২৭ ভরি স্বর্ণালংকার ও নগদ প্রায় ৫ লাখ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা। এছাড়া পরিবারের সদস্যদের মারধরের ঘটনায় অন্তত পাঁচজন আহত হন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। ভুক্তভোগীরা ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ডাসার থানা পুলিশ-এর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বর্তমানে এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।